ঢাকা। নামটা শুনলেই অসংখ্য গাড়ি, কালো ধোঁয়া, মানুষে গিজগিজ করা এক অপরিকল্পিত শহরের ছবি মনে ভাসে।
জাতিসংঘের হিসাবে, ঢাকা এখন বিশ্বের দ্বিতীয় জনবহুল শহর। বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকাতেও ঢাকার নাম থাকে উপরের দিকে। আইকিউ এয়ার- এর তথ্যানুযায়ী, ঢাকার গড় বায়ুমান 'অত্যন্ত অস্বাস্থ্যকর'।
জাতিসংঘ বলছে, বিশ্বজুড়ে শিশু মৃত্যুর দ্বিতীয় কারণ বায়ুদূষণজনিত রোগ। ‘স্টেট অব গ্লোবাল এয়ার ২০২৪’ প্রতিবেদন বলছে, বায়ুদূষণের কারণে ২০২১ সালে বাংলাদেশে ২ লাখ ৩৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়। এর মধ্যে পাঁচ বছরের কম বয়সী শিশুর সংখ্যা ১৯ হাজারের বেশি।
এই শহরে শিশুদের বিকাশের জন্য মাঠ নেই। নিরাপদ সড়ক নিশ্চিত করা যায়নি। বস্তিতে বসবাস করে এমন শিশুর জন্য নিরাপদ সুপেয় পানি প্রাপ্তি নিশ্চিত করা যায়নি, রয়েছে স্যানিটেশনের অভাব।
সব শিশুর জন্য মানসম্মত শিক্ষার সুযোগে তৈরিতে রাষ্ট্র ব্যর্থ। শারীরিক ও মানসিক নির্যাতনের মত ঘটনাও আমরা বন্ধ করতে পারিনি।
সবচেয়ে বড় ব্যর্থতার জায়গাটি হল এ শহরে শিশুদের নিরাপদে প্রশ্বাস নেওয়ার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। রাজধানীর বাতাসে এখন বিষ।
আজ এই মুহূর্তে যে শিশুটি পৃথিবীতে এসেছে, তার জন্য কোন ঢাকাকে রেখে যাচ্ছি আমরা?