প্রথম মাসিক হলে আতঙ্কিত না হয়ে পরিচ্ছন্নতার দিকে গুরুত্ব দিতে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
Published : 30 Sep 2026, 05:25 PM
মেয়েদের প্রথম মাসিক সাধারণত ১০ থেকে ১৫ বছরের মধ্যে শুরু হয়। তবে কারও ক্ষেত্রে এটি কিছুটা আগে বা পরেও হতে পারে।
যুক্তরাষ্ট্রভিত্তিক স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট হেলথলাইনের এক প্রতিবেদন থেকে জানা যায়, অধিকাংশ কিশোরীর প্রথম মাসিক ১২ বছর বয়সের কাছাকাছি শুরু হলেও এটি নির্ভর করে শরীরের বৃদ্ধি, পুষ্টি, জিনগত বৈশিষ্ট্য এবং সামগ্রিক স্বাস্থ্যের ওপর।
বয়ঃসন্ধিকালের কিছু পরিবর্তন দেখা দেওয়ার প্রায় দুই বছর পর প্রথম মাসিক শুরু হতে পারে। এছাড়া উচ্চতা দ্রুত বাড়া, শরীরে পরিবর্তন আসা এবং সাদা স্রাব হওয়াও মাসিক শুরুর আগের সাধারণ লক্ষণ হতে পারে।
প্রথম মাসিক কত দিন থাকবে, সেটিও সবার ক্ষেত্রে এক রকম নয়। কারও দুই থেকে তিন দিন, আবার কারও প্রায় এক সপ্তাহ পর্যন্ত থাকতে পারে। শুরুতে মাসিক অনিয়মিত হওয়াও স্বাভাবিক বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
প্রথম মাসিক হলে আতঙ্কিত না হয়ে পরিচ্ছন্নতার দিকে গুরুত্ব দিতে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। নিয়মিত স্যানিটারি প্যাড পরিবর্তন, পরিষ্কার থাকা এবং প্রয়োজন হলে পরিবারের বড়দের সহায়তা নেওয়ার কথাও বলা হয়েছে।
এছাড়া কিশোরীদের মানসিকভাবে স্বস্তি দেওয়া গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করা হয়েছে। কারণ সঠিক তথ্য ও প্রস্তুতি থাকলে প্রথম মাসিক নিয়ে ভয় বা অস্বস্তি অনেকটাই কমে আসে।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: বাগেরহাট।