গবেষণায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় গাছের আচ্ছাদন পাওয়া গেছে ১০ দশমিক ৫ শতাংশ এবং দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১০ দশমিক ৮ শতাংশ।
Published : 01 Nov 2026, 05:45 PM
গরমে গাছের ছায়ায় দাঁড়ালে কিছুটা স্বস্তি পাওয়া যায়। গাছ বাতাসের দূষণ কমাতে, কার্বন ডাই-অক্সাইড শোষণ করতে এবং শহরের পরিবেশ ঠান্ডা রাখতে সাহায্য করে। কিন্তু রাজধানী ঢাকায় গাছের পরিমাণ কি মানুষের প্রয়োজন মেটানোর জন্য যথেষ্ট?
বিজ্ঞানভিত্তিক সাময়িকী ‘সায়েন্টিফিক রিপোর্টস’-এ প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় গাছের আচ্ছাদন ১১ শতাংশেরও কম। গবেষণায় শহরটিতে আনুমানিক ১৩ লাখ গাছের হিসাব পাওয়া গেছে।
গবেষণায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় গাছের আচ্ছাদন পাওয়া গেছে ১০ দশমিক ৫ শতাংশ এবং দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১০ দশমিক ৮ শতাংশ। এখানে গাছের আচ্ছাদন বলতে গাছের ছায়ায় ঢাকা ভূমির পরিমাণ বোঝানো হয়েছে। এটি বনভূমি বা সবুজ জায়গার মোট পরিমাণের সমান নয়।
গাছের সংখ্যা কম হলে শহরের তাপমাত্রা নিয়ন্ত্রণ, বায়ুদূষণ কমানো ও বৃষ্টির পানি ব্যবস্থাপনায়ও প্রভাব পড়তে পারে। গবেষণায় ঢাকার গাছগুলো থেকে বছরে প্রায় ৬৭ লাখ ৪০ হাজার মার্কিন ডলারের পরিবেশগত সুবিধা পাওয়ার হিসাব করা হয়েছে।
আমার মনে হয়, ঢাকাকে বাসযোগ্য রাখতে গাছের গুরুত্ব বোঝা প্রয়োজন। আমরা চাইলে গাছ কাটা কমানো, বিদ্যমান গাছ সংরক্ষণ এবং নতুন গাছ লাগানোর মাধ্যমে শহরের সবুজ পরিবেশ রক্ষায় ভূমিকা রাখতে পারি। কারণ, গাছ শুধু সৌন্দর্য বাড়ায় না, আমাদের সুস্থভাবে বেঁচে থাকতেও সাহায্য করে।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: গাজীপুর।