মসজিদটির গায়ে উৎকীর্ণ শিলালিপিতে নির্মাতা হিসেবে লেখা আছে মোসাম্মত বখত বিনতের নাম।
Published : 17 Nov 2026, 05:30 PM
পুরান ঢাকার নারিন্দায় দাঁড়িয়ে আছে সাড়ে পাঁচশ বছরেরও বেশি পুরোনো একটি মসজিদ। নাম বিনত বিবির মসজিদ। অনেকের মতে, এটি রাজধানী ঢাকার প্রথম মসজিদ।
মসজিদের নগরী হিসেবে পরিচিত ঢাকার সম্ভাব্য প্রথম মসজিদটি নির্মাণের সঙ্গে যার নাম জড়িত, তিনি ছিলেন একজন নারী।
মসজিদটির গায়ে উৎকীর্ণ শিলালিপিতে নির্মাতা হিসেবে লেখা আছে মোসাম্মত বখত বিনতের নাম।
শিলালিপিতে কোন শাসকের নামের উল্লেখ নেই, তবে এতে উল্লেখিত তারিখ থেকে বোঝা যায় যে, মসজিদটি সুলতান নাসিরুদ্দীন মাহমুদ শাহের শাসনামলে নির্মিত হয়েছিল।
বাংলাপিডিয়া বলছে, সম্ভবত ঢাকায় প্রাপ্ত শিলালিপিসমূহের মধ্যে বখত বিনত মসজিদের শিলালিপিটিই ছিল প্রথম মুসলিম শিলালিপি।
মসজিদের কাছেই রয়েছে বিনত বিবি ও তার বাবার সমাধি।
বিনত বিবি সম্পর্কে খুব বেশি তথ্য জানা যায় না। প্রচলিত একটি কাহিনি অনুযায়ী, তিনি ছিলেন পারস্যের ব্যবসায়ী আরাকান আলীর মেয়ে। আরেকটি বর্ণনায় বলা হয়, আরাকান আলীই মসজিদটি নির্মাণ করেছিলেন। যদিও শিলালিপিতে তার কথা নেই।
পুরান ঢাকার ব্যস্ত নগরজীবনের মধ্যে দাঁড়িয়ে থাকা এই মসজিদ মনে করিয়ে দেয়, ইতিহাসের পাতায় নারীদের অবদানও কম নয়। তাদের অনেকের কথা হয়ত আমরা জানি না, কিন্তু তাদের কাজ রয়ে গেছে সময়ের সাক্ষী হয়ে।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: ঢাকা।