আমেরিকান অ্যাসোসিয়েশন অব ইকুইন প্র্যাকটিশনারস (এএইপি) জানায়, বন্য পরিবেশে ঘোড়া ছিল শিকারি প্রাণীর লক্ষ্য।
Published : 11 Oct 2026, 01:15 PM
ঘোড়া বেশিরভাগ সময় দাঁড়িয়েই বিশ্রাম নেয়। হালকা ঘুমও দেয় এভাবেই। কিন্তু শুয়ে না থেকে এমনভাবে ঘুমানোর কারণ কী?
মার্কিন যুক্তরাষ্ট্রের স্বীকৃত পশুচিকিৎসা রেফারেন্স ‘মার্ক ভেটেরিনারি ম্যানুয়াল’ জানায়, ঘোড়ার পায়ে স্টে অ্যাপারেটাস নামে লিগামেন্ট ও টেনডনের একটি বিশেষ ব্যবস্থা রয়েছে। এর ফলে খুব কম শক্তি খরচ করেই তারা দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে পারে। তাই দাঁড়িয়ে থাকা অবস্থাতেই হালকা ঘুম বা বিশ্রাম নেওয়া সম্ভব হয়।
তবে শুধু শরীরের গঠনই নয়, এর সঙ্গে জড়িয়ে আছে বেঁচে থাকার কৌশলও। আমেরিকান অ্যাসোসিয়েশন অব ইকুইন প্র্যাকটিশনারস (এএইপি) জানায়, বন্য পরিবেশে ঘোড়া ছিল শিকারি প্রাণীর লক্ষ্য। দাঁড়িয়ে থাকলে বিপদ টের পেয়েই তারা দ্রুত দৌড়ে পালাতে পারে।
গবেষক ও বিশেষজ্ঞদের ব্যাখ্যা অনুযায়ী, এই সুবিধাই বিবর্তনের মাধ্যমে ঘোড়ার গুরুত্বপূর্ণ অভিযোজনে পরিণত হয়েছে।
তবে ঘোড়া সব সময় দাঁড়িয়েই ঘুমায় না। মার্ক ভেটেরিনারি ম্যানুয়াল এবং ইউনিভার্সিটি অব মিনেসোটা এক্সটেনশন জানায়, ঘুমের একটি পর্যায় আছে, যাকে র্যাপিড আই মুভমেন্ট বা রেম ঘুম বলা হয়। এই পর্যায়ে শরীরের পেশি অনেকটাই শিথিল হয়ে যায়। তাই এ সময় ঘোড়াকে অবশ্যই শুয়ে পড়তে হয়।
অর্থাৎ, দাঁড়িয়ে ঘুমানো ঘোড়ার শরীরের একটি বিশেষ অভিযোজন। তবে ঘুমের এই পর্যায়টি সম্পন্ন করতে তাদের শুয়েও ঘুমাতে হয়।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: গাজীপুর।