যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) বলছে, নিয়মিত শারীরিক কার্যক্রম শিশু-কিশোরদের মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য উপকারী।
Published : 11 Oct 2026, 03:40 PM
বিকেলে বন্ধুদের সঙ্গে মাঠে ফুটবল-ক্রিকেট খেলা কিংবা দৌড়ঝাঁপ করা শুধু সময় কাটানোর মাধ্যম নয়, এসব কর্মকাণ্ড শরীর ও মনের জন্যও গুরুত্বপূর্ণ।
নিয়মিত খেলাধুলা ও শারীরিক কার্যক্রম শুধু শরীরকে সুস্থ রাখে না, মানসিক স্বাস্থ্য ও মস্তিষ্কের কার্যকারিতার জন্যও উপকারী।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, শিশু ও কিশোরদের নিয়মিত শারীরিক কার্যক্রমের সঙ্গে মানসিক স্বাস্থ্যের উন্নতি এবং বিষণ্ণতার উপসর্গ কমার সম্পর্ক রয়েছে। এটি চিন্তার বিকাশ বাড়াতে সহযোগিতা করে।
যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) বলছে, নিয়মিত শারীরিক কার্যক্রম শিশু-কিশোরদের মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য উপকারী। এর মধ্যে জ্ঞানীয় সক্ষমতা, একাডেমিক পারফরম্যান্স ও স্মৃতিশক্তির উন্নতি এবং বিষণ্ণতার উপসর্গ কমার মত বিষয় রয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী, ৫ থেকে ১৭ বছর বয়সী শিশু-কিশোরদের প্রতিদিন গড়ে অন্তত ৬০ মিনিট মাঝারি থেকে বেশি মাত্রার শারীরিক কার্যক্রম করা উচিত। এর মধ্যে খেলাধুলা, দৌড়ানো, সাইকেল চালানো, হাঁটা কিংবা সক্রিয়ভাবে খেলা থাকতে পারে।
খেলাধুলা মানেই শুধু প্রতিযোগিতামূলক ক্রিকেট বা ফুটবল নয়। সংস্থাটির মতে, খেলা, বিনোদনমূলক কর্মকাণ্ড, হাঁটা, সাইকেল চালানো ও শরীরচর্চাও শারীরিক কার্যক্রমের মধ্যে পড়ে।
প্রতিবেদকের বয়স: ১৫। জেলা: কিশোরগঞ্জ।