বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরও জানায়, দীর্ঘদিন উচ্চ শব্দের মধ্যে থাকলে রক্তচাপ বেড়ে যেতে পারে এবং হৃদরোগসহ বিভিন্ন জটিল স্বাস্থ্য সমস্যা তৈরি হতে পারে।
Published : 30 Sep 2026, 01:40 PM
শব্দদূষণ হল এমন অতিরিক্ত শব্দ যা মানুষের শরীর ও মনের জন্য ক্ষতিকর। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, এই ধরনের শব্দ শুধু বিরক্তির কারণ নয়, এটি একটি পরিবেশগত স্বাস্থ্যঝুঁকি।
সংস্থাটি বলছে, অতিরিক্ত শব্দের কারণে ঘুমের ব্যাঘাত ঘটে। রাতে বেশি শব্দ হলে গভীর ঘুম নষ্ট হয় এবং শরীর ঠিকভাবে বিশ্রাম নিতে পারে না। দীর্ঘ সময় এভাবে চললে শারীরিক ও মানসিক সমস্যা দেখা দিতে পারে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরও জানায়, দীর্ঘদিন উচ্চ শব্দের মধ্যে থাকলে রক্তচাপ বেড়ে যেতে পারে এবং হৃদরোগসহ বিভিন্ন জটিল স্বাস্থ্য সমস্যা তৈরি হতে পারে।
শব্দদূষণ মানুষের শেখা ও কাজের ক্ষমতার ওপরও প্রভাব ফেলে। শব্দ বেশি থাকলে মনোযোগ নষ্ট হয়, ফলে পড়াশোনা ও কাজের দক্ষতা কমে যায়।
শিশুদের ক্ষেত্রে এর প্রভাব আরও বেশি। ইউনিসেফের এক প্রতিবেদনে বলা হয়েছে, অতিরিক্ত শব্দ শিশুদের শেখার ক্ষমতা, ভাষা বিকাশ এবং মানসিক সুস্থতার ওপর নেতিবাচক প্রভাব ফেলে।
বিশেষজ্ঞদের মতে, বেশি শব্দের মধ্যে থাকলে মস্তিষ্ক সবসময় সতর্ক অবস্থায় থাকে। এতে শরীরে স্ট্রেস হরমোন বেড়ে যায়, ঘুমের সমস্যা তৈরি হয় এবং ধীরে ধীরে শরীর ও মনের ওপর চাপ বাড়ে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, যানবাহন, শিল্পকারখানা এবং বিভিন্ন ধরনের উচ্চ শব্দের বিনোদনমূলক কার্যক্রম শব্দদূষণের প্রধান উৎস হিসেবে কাজ করে।
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: ঢাকা।