গবেষকদের মতে, অতিরিক্ত সোডিয়াম গ্রহণ শিশুদের শারীরিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশে প্রভাব ফেলতে পারে।
Published : 23 Nov 2026, 05:34 PM
উপকূলে সুপেয় পানির সংকট শুধু দৈনন্দিন জীবনেই নয়, শিশুদের পড়াশোনাতেও প্রভাব ফেলছে। গবেষণায় দেখা গেছে, পানির অতিরিক্ত লবণাক্ততার সঙ্গে শিশুদের শিক্ষাগত অগ্রগতির সম্পর্ক রয়েছে।
২০১৯ সালে সায়েন্স অব দ্য টোটাল এনভায়রনমেন্ট সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলের আট জেলার তথ্য বিশ্লেষণ করা হয়।
এতে দেখা যায়, পানির অতিরিক্ত লবণাক্ততার সংস্পর্শে থাকা ৭ থেকে ১২ বছর বয়সী শিশুদের পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা অন্য শিশুদের তুলনায় ৬ দশমিক ৭ শতাংশ পয়েন্ট কম ছিল।
গবেষকদের মতে, অতিরিক্ত সোডিয়াম গ্রহণ শিশুদের শারীরিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশে প্রভাব ফেলতে পারে। পরিবারের সদস্যদের অসুস্থতা ও চিকিৎসার খরচও শিশুদের পড়াশোনায় বাধা হতে পারে।
শুধু বাড়িতে নয়, স্কুলেও নিরাপদ পানির সংকটে পড়ে উপকূলের অনেক শিশু।
খুলনার দাকোপ উপজেলার ৩৮টি প্রাথমিক বিদ্যালয় নিয়ে ২০২২ সালে প্রকাশিত আরেক গবেষণায় দেখা যায়, ৬৩ শতাংশ বিদ্যালয় বৃষ্টির পানি সংরক্ষণ করে। আর ২১ শতাংশ বিদ্যালয় পুকুরের পানির ওপর নির্ভরশীল। এসব বিদ্যালয়ের নলকূপের পানিতে লবণাক্ততার মাত্রা জাতীয় মানের চেয়ে বেশি পাওয়া যায়।
এতে আরও দেখা যায়, ২৯ শতাংশ বিদ্যালয়ে পানি পরিশোধনের ব্যবস্থা থাকলেও তা শিক্ষার্থীদের জন্য যথেষ্ট সহজলভ্য ছিল না। ফলে স্কুলেও নিরাপদ পানি পান করা অনেক শিশুর জন্য কঠিন।
উপকূলের শিশুদের জন্য নিরাপদ পানির সংকট শুধু দৈনন্দিন ভোগান্তি নয়, পড়াশোনার ক্ষেত্রেও একটি উদ্বেগের বিষয়।
প্রতিবেদকের বয়স: ১৫। জেলা: বাগেরহাট।