এই জাদুঘর দর্শনার্থীদের কাছে একটি আকর্ষণীয় স্থান, যেখানে বনমানুষ, বনরুই, কালো ও সোনালি বাঘসহ বিভিন্ন প্রাণীর সংরক্ষিত দেহাবশেষ রাখা আছে।
Published : 23 Nov 2026, 05:22 PM
জাতীয় চিড়িয়াখানার প্রাণী জাদুঘর দর্শনার্থীদের কাছে একটি আকর্ষণীয় স্থান, যেখানে বনমানুষ, বনরুই, কালো ও সোনালি বাঘসহ বিভিন্ন প্রাণীর সংরক্ষিত দেহাবশেষ রাখা আছে।
চিড়িয়াখানায় মারা যাওয়া প্রাণীগুলো সাধারণত এই জাদুঘরে সংরক্ষণ করা হয়। এজন্য কর্তৃপক্ষ স্টাফিং, স্কেলিটন ও স্পেসিম্যান পদ্ধতি ব্যবহার করে থাকে।
স্টাফিং পদ্ধতিতে প্রাণীর মৃত্যুর পর তার চামড়া ও মাথা বিশেষভাবে প্রক্রিয়াজাত করে ফোম বা অনুরূপ উপাদান দিয়ে আগের মতো অবয়ব তৈরি করা হয়।
স্কেলিটন পদ্ধতিতে প্রাণীর দেহ থেকে মাংস ও অন্যান্য অংশ সরিয়ে শুধু হাড় সংরক্ষণ করা হয় এবং আগের গঠনের মতো করে তা পুনর্গঠন করা হয়।
আর স্পেসিম্যান সংরক্ষণে পুরো প্রাণীকে ফরমালিনসহ বিভিন্ন রাসায়নিক দ্রবণে রাখা হয়, যাতে তার আসল আকৃতি ও বৈজ্ঞানিক নমুনা দীর্ঘদিন অক্ষত থাকে।
চিড়িয়াখানার এই জাদুঘরে মৃত প্রাণীদের পাশের আরেকটি ঘরেই রাখা আছে বড় বড় কয়েকটি অ্যাকুরিয়াম। যেগুলোতে রাখা হয়েছে নানা প্রজাতির জ্যান্ত সামুদ্রিক মাছ।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এখানে প্রায় ২৪০টি প্রাণীর সংরক্ষিত নমুনা রয়েছে। প্রতিদিনই নানা বয়সী দর্শনার্থীরা এখানে ঘুরতে আসেন এবং প্রাণীদের এসব সংরক্ষিত দেহাবশেষ কাছ থেকে দেখেন।
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: ঢাকা।