নড়াই নদ যা এখন রামপুরা খাল নামে পরিচিত, এর তীরে বসা এই হাটে প্রতি বুধবার সকাল থেকেই ভিড় জমাতে শুরু করেন ক্রেতা-বিক্রেতারা।
Published : 22 Sep 2026, 01:00 PM
ঢাকার মধ্যে গ্রামীণ হাটের আবহ টিকে আছে এমন জায়গা খুব বেশি নেই। সেই ব্যতিক্রমী জায়গাগুলোর একটি রাজধানীর মেরাদিয়া হাট।
নড়াই নদ যা এখন রামপুরা খাল নামে পরিচিত, এর তীরে বসা এই হাটে প্রতি বুধবার সকাল থেকেই ভিড় জমাতে শুরু করেন ক্রেতা-বিক্রেতারা।
মেরাদিয়া হাট ঠিক কবে প্রতিষ্ঠিত হয়েছিল, তার নির্ভরযোগ্য কোনো লিখিত তথ্য নেই।
হাটে আসা মানুষ ও ব্যবসায়ীদের অনেকেই বলেন, তাদের বাবা-দাদারাও এই হাটে কেনাবেচা করেছেন।
আবার কারও কারও ধারণা, ব্রিটিশ শাসনামলে কোনো এক জমিদার এই হাট চালু করেছিলেন। নানা মত থাকলেও স্থানীয়দের অধিকাংশের বিশ্বাস, মেরাদিয়া হাটের বয়স প্রায় দুইশ বছর।
হাটজুড়ে দেখা যায় হাঁস, মুরগি ও টার্কির কেনাবেচা। বিক্রি হচ্ছে শাকসবজি, ফল, চারা গাছ, বীজ ও সার। রয়েছে মাটির তৈরি বিভিন্ন সামগ্রী, বাঁশের তৈরি ব্যবহার্য পণ্য, মাছ ধরার পলো, খালইসহ নিত্যপ্রয়োজনীয় নানা জিনিস।
হাটের পাশেই বয়ে গেছে নড়াই নদী। নদীর ঘাটে দাঁড়িয়ে আছে ট্রলার। দূরে চোখ গেলে দেখা মেলে একটি সরু সাঁকোর। রাজধানীর ভেতরেই এমন দৃশ্য অনেকের কাছেই যেন গ্রামের অনুভূতি ফিরিয়ে আনে।
শহরের ব্যস্ত জীবনের মাঝেও মেরাদিয়া হাট শুধু কেনাবেচার জায়গা নয়, এটি রাজধানীতে টিকে থাকা পুরোনো হাট সংস্কৃতি ও গ্রামীণ আবহেরও একটি স্মারক।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: ঢাকা।