এই পার্ক শুধু নাম বদলের ইতিহাসই বহন করে না, এর সঙ্গে জড়িয়ে আছে এক বেদনাদায়ক অধ্যায়ও।
Published : 30 Sep 2026, 03:40 PM
রাজধানীর পুরান ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে বাহাদুর শাহ পার্কের অবস্থান। তবে একেক সময় একেক নামেই পরিচিত ছিল এই স্থানটি।
আঠারো শতকের শেষ দিকে এখানে ছিল ঢাকার আর্মেনীয়দের বিলিয়ার্ড ক্লাব। তখন বিলিয়ার্ড বলকে স্থানীয়রা বলতেন ‘আন্টা’। সেই থেকেই জায়গাটির নাম হয়ে যায় ‘আন্টাঘর’।
এরপর ১৮৫৮ সালে রানি ভিক্টোরিয়া ভারতবর্ষের শাসনভার গ্রহণের ঘোষণা এই ময়দানেই পাঠ করে শুনিয়েছিলেন ঢাকা বিভাগের কমিশনার। এরপর থেকে স্থানটি হয়ে যায় ‘ভিক্টোরিয়া পার্ক’।
তবে এই পার্ক শুধু নাম বদলের ইতিহাসই বহন করে না, এর সঙ্গে জড়িয়ে আছে এক বেদনাদায়ক অধ্যায়ও। ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের পর ইংরেজ শাসকেরা প্রহসনমূলক বিচারে অসংখ্য বিপ্লবী সিপাহীকে ফাঁসি দেয়। এরপর জনগণের মধ্যে ভয় ছড়িয়ে দিতে তাদের মরদেহ এনে এই পার্কের গাছগুলোতে ঝুলিয়ে রাখা হয়।
এই ইতিহাসের স্মৃতি ধরে রাখতেই ১৯৫৭ সালে, মতান্তরে ১৯৬১ সালে, সিপাহী বিদ্রোহের শতবার্ষিকী উপলক্ষে এখানে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়। একই সঙ্গে পার্কটির নাম পরিবর্তন করে রাখা হয় বাহাদুর শাহ পার্ক।
সিপাহী বিদ্রোহের লক্ষ্য ছিল ইংরেজ শাসনের অবসান ঘটিয়ে মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহর শাসন ফিরিয়ে আনা। সেই কারণেই তার নামেই এই পার্কের নতুন নামকরণ করা হয়।
প্রতিবেদকের বয়স: ১২। জেলা: ঢাকা।