খেলাধুলা মেয়েদের আত্মবিশ্বাস ও নেতৃত্বের দক্ষতা বাড়াতেও সহায়তা করতে পারে।
Published : 23 Nov 2026, 05:50 PM
এলাকার খেলার মাঠগুলোতে ছেলেদের খেলতে দেখা গেলেও মেয়েদের উপস্থিতি চোখে পড়ে না বললেই চলে। অথচ খেলাধুলার প্রয়োজন মেয়েদেরও।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্দেশনা অনুযায়ী, ৫ থেকে ১৭ বছর বয়সী শিশু-কিশোরদের সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে অন্তত ৬০ মিনিট মাঝারি থেকে তীব্র শারীরিক কার্যক্রম করা উচিত। এর মধ্যে খেলাধুলাও রয়েছে।
নিয়মিত শারীরিক কার্যক্রম শারীরিক সক্ষমতা বাড়ায়। হাড় ও পেশি শক্তিশালী রাখতেও প্রয়োজন নির্দিষ্ট ধরনের ব্যায়াম ও খেলাধুলা।
খেলাধুলা মেয়েদের আত্মবিশ্বাস ও নেতৃত্বের দক্ষতা বাড়াতেও সহায়তা করতে পারে।
ইউনিসেফ বাংলাদেশের ২০২৫ সালের গেম চেঞ্জার্স প্রতিবেদনে বাংলাদেশের স্পোর্টস ফর ডেভেলপমেন্ট কর্মসূচির অভিজ্ঞতায় দেখা যায়, নিরাপদ পরিবেশে খেলাধুলার সুযোগ মেয়েদের আত্মবিশ্বাস, প্রতিকূলতা মোকাবিলার সক্ষমতা ও নেতৃত্বের গুণ বিকাশে সহায়তা করে। পাশাপাশি মেয়েদের নিয়ে প্রচলিত ক্ষতিকর সামাজিক ধারণা বদলাতেও ভূমিকা রাখে।
এ বিষয়ে ইউনিসেফ বাংলাদেশের ২০২১ সালের এ উইন ফর ফুটবল-প্লেয়িং গার্লস ইন বাংলাদেশ শীর্ষক নিবন্ধেও বলা হয়েছে, খেলাধুলা শিশু-কিশোরদের আত্মসম্মান, আত্মবিশ্বাস ও নিজের সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা বাড়াতে পারে।
তাই মেয়েদের জন্যও প্রয়োজন নিরাপদ খেলার পরিবেশ, সমান সুযোগ ও পরিবার-সমাজের উৎসাহ। মাঠে খেলাধুলার সুযোগ যেন শুধু ছেলেদের মধ্যে সীমাবদ্ধ না থাকে। মেয়েরাও খেলুক, বেড়ে উঠুক সুস্থ ও আত্মবিশ্বাসী হয়ে।
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: ঢাকা।