লাল পাহাড়ের সবচেয়ে বিশেষ আকর্ষণ হলো এর গাঢ় লাল মাটি।
Published : 30 Sep 2026, 05:35 PM
সুনামগঞ্জের ছাতক উপজেলায় রয়েছে একটি মনোমুগ্ধকর স্থান, এর নাম লাল পাহাড়। স্থানীয়দের কাছে এটি লাল্লুয়ার পাহাড় বা লালটিলা নামেও পরিচিত।
ছাতক সিমেন্ট ফ্যাক্টরির পাশে অবস্থিত এই পাহাড়টি তার লাল মাটি, উঁচু নিচু টিলা আর চারপাশের সবুজের কারণে ভ্রমণপিপাসুদের কাছে বেশ জনপ্রিয়।
লাল পাহাড়ের সবচেয়ে বিশেষ আকর্ষণ হলো এর গাঢ় লাল মাটি। দেশের খুব কম জায়গাতেই এমন লাল মাটির পাহাড় দেখা যায়।
সূর্যের আলোয় এই মাটি ঝলমল করে ওঠে, দূর থেকে দেখলে মনে হয় যেন পাহাড়ের গায়ে লাল রঙের আবরণ ছড়িয়ে আছে।
পাহাড়টির অবস্থান বাংলাদেশ ও ভারতের সীমান্তের কাছাকাছি। তাই এর চূড়ায় দাঁড়ালে ওপারের মেঘালয়ের সুউচ্চ পাহাড়গুলো স্পষ্ট দেখা যায়। আকাশে ভেসে বেড়ানো মেঘ আর পাহাড়ের মাঝে সাদা মেঘের খেলা দৃশ্যটিকে আরও আকর্ষণীয় করে তোলে।
লাল পাহাড়ের চারপাশ ঘেরা সবুজ প্রকৃতিতে। একদিকে লাল মাটির রুক্ষ সৌন্দর্য, অন্যদিকে সবুজ গাছপালা মিলিয়ে তৈরি হয়েছে এক অসাধারণ বৈপরীত্য।
পাহাড়ের পাদদেশ দিয়ে বয়ে যাওয়া নদী এবং শান্ত গ্রামীণ পরিবেশ এই জায়গাটিকে আরও মনোরম করে তোলে।
পাহাড়ের চূড়া থেকে দেখা যায় ছাতক সিমেন্ট কারখানা এবং আশপাশের শিল্পাঞ্চল। বিশাল স্থাপনা, উঁচু চিমনি আর নদীপথে পাথর ও বালু পরিবহনের দৃশ্য এক ভিন্ন শিল্পনগরীর চিত্র তুলে ধরে।
তবে সাম্প্রতিক সময়ে এই এলাকায় পর্যটকদের আনাগোনা বাড়লেও অবাধে পাহাড় কাটার কারণে প্রাকৃতিক এই সৌন্দর্য এখন হুমকির মুখে। এই সুন্দর লাল পাহাড়কে রক্ষা করার দাবি ভ্রমণপিপাসু মানুষের।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: সিলেট।