হাঁটলে শরীর সক্রিয় থাকে এবং হৃদযন্ত্রের সুস্থতা বজায় রাখতে সাহায্য করে।
Published : 30 Sep 2026, 07:10 PM
সুস্থ থাকার জন্য কোনো কঠিন ব্যায়ামের প্রয়োজন হয় না। কেবলমাত্র নিয়মিত হাঁটার অভ্যাসই শরীর ও মনকে ভালো রাখতে পারে।
হাঁটলে শরীর সক্রিয় থাকে এবং হৃদযন্ত্রের সুস্থতা বজায় রাখতে সাহায্য করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, নিয়মিত শারীরিক কর্মকাণ্ড শিশু-কিশোরদের শারীরিক সক্ষমতা, হাড়ের গঠন, মানসিক স্বাস্থ্য ও মস্তিষ্কের কার্যকারিতার জন্য উপকারী।
হাঁটার আরেকটি ভালো দিক হল এর জন্য আলাদা কোনো সরঞ্জামের প্রয়োজন হয় না। স্কুলে যাওয়ার পথে কিছুটা হাঁটা, বিকেলে বন্ধুদের সঙ্গে হাঁটা কিংবা কাছের কোনো জায়গায় যাওয়ার সময় যানবাহনের বদলে হেঁটে যাওয়া দিয়েই শুরু করা যায়।
নিয়মিত হাঁটা শরীরের ওজন নিয়ন্ত্রণেও সহায়তা করতে পারে। শারীরিক কর্মকাণ্ড শরীরে শক্তি খরচ বাড়ায় এবং সুস্থ ওজন ধরে রাখতে সাহায্য করে।
হাঁটার সঙ্গে ঘুম ও মানসিক স্বাস্থ্যেরও সম্পর্ক রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, নিয়মিত হাঁটা ঘুম ও মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী।
আমেরিকার স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট মেডিক্যাল নিউজ টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, সুস্থ থাকার জন্য একজন মানুষের প্রতিদিন দশ হাজার কদম বা পাঁচ মাইল সমান দূরত্ব হাঁটা উচিত।
তাই আজ থেকেই হাঁটার অভ্যাস করা যেতে পারে। প্রতিদিন একটু একটু করে হাঁটাই হয়ত আমাদের সুস্থ জীবনযাপনের অভ্যাস তৈরি করতে পারে।
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: ঢাকা।