সিসার ঝুঁকি সম্পর্কে সচেতনতার ঘাটতি রয়েছে অভিভাবকদের মধ্যেও।
Published : 28 Nov 2026, 07:40 PM
সিসা একটি ক্ষতিকর ভারি ধাতু, যা বিভিন্ন মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করতে পারে। শিশুদের ক্ষেত্রে এর প্রভাব হতে পারে দীর্ঘমেয়াদি। তবে এর ঝুঁকি সম্পর্কে মানুষের ধারণা কতটা?
এ বিষয়ে নীলফামারীর ডোমার উপজেলার কয়েকজন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের সঙ্গে কথা বলেছে হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক।
লামিয়া আক্তার মিম নামের এক কিশোরী বলছিল, “সিসা সম্পর্কে আমার তেমন কিছু জানা নেই। এটি কীভাবে শরীরে প্রবেশ করে কিংবা কীভাবে ক্ষতি করে, তা-ও জানি না। স্কুলেও কখনো এসব বিষয়ে আমাদের সতর্ক করা হয় না।”
একই ধরনের অভিজ্ঞতার কথা জানায় হরিণচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মারিয়া আক্তার।
সে বলছিল, “আমরা বাড়িতে ও স্কুলে প্রতিদিন বিভিন্ন ধরনের খেলনা দিয়ে খেলাধুলা করি। কিন্তু এসব খেলনায় যে সিসার মত ক্ষতিকর উপাদান থাকতে পারে, তা আগে জানতাম না।”
সিসার ঝুঁকি সম্পর্কে সচেতনতার ঘাটতি রয়েছে অভিভাবকদের মধ্যেও।
সোহেল রানা নামের এক অভিভাবক বলেন, “আমরা সন্তানদের আনন্দের জন্য বিভিন্ন ধরনের খেলনা কিনে দিই। কিন্তু এসব খেলনার রঙে যে সিসার মত ক্ষতিকর পদার্থ থাকতে পারে, তা আমিও জানতাম না। সিসা শিশুদের শরীর ও মস্তিষ্কের কী ধরনের ক্ষতি করে সে সম্পর্কেও তেমন ধারণা নেই।”
শিশুদের মধ্যে সিসার ঝুঁকি সম্পর্কে সচেতনতা তৈরিতে বিদ্যালয়ের শিক্ষকদেরও ভূমিকা রয়েছে। তবে এ বিষয়ে শিক্ষকদের মধ্যেও জানার ঘাটতি রয়েছে বলে জানান হরিণচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুদ রানা।
তিনি বলেন, “সিসা এত ক্ষতিকর হলেও এ সম্পর্কে অনেকেরই জানা নেই। তাই এর ক্ষতিকর দিক সম্পর্কে সব শিক্ষককে সচেতন করা প্রয়োজন।”
একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানারা বেগম লাকী বলেন, “সিসার ক্ষতিকর দিক সম্পর্কে অনেক শিক্ষকেরই জানা নেই। স্কুল বা বাড়িতে আমরা বিভিন্ন ধরনের প্লাস্টিক পণ্য ব্যবহার করি। কিন্তু কোন পণ্যে ক্ষতিকর সিসা থাকতে পারে, তা জানা নেই অনেকেরই।”
সরকারি উদ্যোগে শিক্ষকদের এ বিষয়ে সচেতন করা হলে বিদ্যালয়ের মাধ্যমে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যেও সিসাদূষণ প্রতিরোধে সচেতনতা বাড়ানো সম্ভব বলে মনে করেন এই শিক্ষক।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: নীলফামারী।