১৪ বছর বয়সী কামরুল বলছিল, তার বয়স যখন দেড় বছর তখন তার বাবা তাদের ছেড়ে চলে যায়।
Published : 28 Nov 2026, 02:50 PM
কমলাপুর রেলস্টেশনে শৈশব কাটছে কামরুল ইসলামের। চার বছর ধরে এই স্টেশনই তার ঠিকানা।
কামরুল জানায়, তার বাড়ি হবিগঞ্জে। মাঝেমধ্যে বাড়িতে গেলেও সেখানে বেশিদিন থাকা হয় না তার।
১৪ বছর বয়সী কামরুল বলছিল, তার বয়স যখন দেড় বছর তখন তার বাবা তাদের ছেড়ে চলে যায়।
বাবা চলে যাওয়ার পর পাঁচ সন্তানকে নিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হয় তার মাকে। সংসারে অভাবের পাশাপাশি অনাদর আর অবহেলা নিয়েও মায়ের প্রতি অভিমান আছে তার। এসব কারণে একসময় বাড়ি ছেড়ে কমলাপুর রেলস্টেশনে চলে আসে সে।
কামরুলের দিন কাটে রেলস্টেশনেই। ট্রেনের পানি দিয়ে গোসল করে। রাতে ঘুমায় স্টেশনের প্ল্যাটফর্মে।
বাড়িতে ফিরে যেতে চায় কি না জানতে চাইলে সে বলে, “বাড়িতে আমার ভালো লাগে না। তাই ফিরে যেতে চাই না।”
বড় হয়ে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখে কামরুল। একদিন নিজেই একটি ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলতে চায় সে।
প্রতিবেদকের বয়স: ১২। জেলা: ঢাকা।