দুর্যোগের ক্ষতি কাটিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান স্বাভাবিক অবস্থায় ফিরতেও সময় লাগে। এতে শিশুদের পড়াশোনার ক্ষতি আরও দীর্ঘায়িত হয়।
Published : 28 Nov 2026, 07:20 PM
প্রচণ্ড গরমে শ্রেণিকক্ষে স্বস্তি নেই, ভারি বৃষ্টিতে স্কুলের মাঠে জমে পানি, আবার বন্যায় ডুবে যায় শিক্ষাপ্রতিষ্ঠান। জলবায়ু পরিবর্তনের কারণে এমন পরিস্থিতিতে ব্যাহত হচ্ছে শিশুদের পড়াশোনা। কিন্তু এসব পরিস্থিতি সামাল দিতে স্কুলগুলোর প্রস্তুতি কতটা?
জাতিসংঘ শিশু তহবিল, ইউনিসেফের ২০২৫ সালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে বাংলাদেশে জলবায়ুজনিত দুর্যোগে ৩ কোটি ৫০ লাখ শিশুর পড়াশোনা ব্যাহত হয়েছে।
তবে দুর্যোগের কারণে স্কুল বন্ধ থাকাই শিশুদের শিক্ষাজীবনের একমাত্র সমস্যা নয়। অতিরিক্ত গরমে শ্রেণিকক্ষে স্বস্তিদায়ক পরিবেশে পাঠদান কঠিন হয়ে পড়ে। বন্যা ও জলাবদ্ধতায় ব্যাহত হয় স্কুলে যাতায়াত। কোথাও আবার নিরাপদ পানি ও স্যানিটেশনের সুবিধাও নষ্ট হয়।
দুর্যোগের ক্ষতি কাটিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান স্বাভাবিক অবস্থায় ফিরতেও সময় লাগে। এতে শিশুদের পড়াশোনার ক্ষতি আরও দীর্ঘায়িত হয়।
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কোর মতে, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় শিক্ষা খাতের পরিকল্পনায় জলবায়ু অভিযোজনকে গুরুত্ব দিতে হবে।
এ জন্য ঝুঁকিপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান চিহ্নিত করা, জলবায়ু সহনশীল অবকাঠামো গড়ে তোলা, শিক্ষকদের প্রস্তুত করা এবং দুর্যোগের সময়ও পড়াশোনা চালু রাখার ব্যবস্থা করা প্রয়োজন।
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: ঢাকা।