নীলফামারীর ডোমার উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছে, এসব সুবিধা নিশ্চিত করা হলে মাসিকের সময় বিদ্যালয়ে উপস্থিত থাকা ও পড়াশোনায় মনোযোগ দেওয়া সহজ হবে।
Published : 29 Nov 2026, 01:51 PM
বিদ্যালয়ে স্বাস্থ্যসম্মত শৌচাগার, পর্যাপ্ত পানি, সাবান ও মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয় উপকরণ না থাকায় নানা সমস্যায় পড়তে হয় শিক্ষার্থীদের।
নীলফামারীর ডোমার উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছে, এসব সুবিধা নিশ্চিত করা হলে মাসিকের সময় বিদ্যালয়ে উপস্থিত থাকা ও পড়াশোনায় মনোযোগ দেওয়া সহজ হবে।
উপজেলার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান ঘুরে দেখা যায়, কোথাও মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনার জন্য আলাদা কর্নার নেই। কোথাও আবার শৌচাগারে পর্যাপ্ত পানি ও সাবানের ব্যবস্থা নেই। অধিকাংশ বিদ্যালয়ে ব্যবহৃত স্যানিটারি প্যাড ফেলার জন্য ঢাকনাযুক্ত ডাস্টবিনও দেখা যায়নি।
জামিরবাড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলে, “আমাদের স্কুলে ছাত্রীদের উপযোগী শৌচাগার নেই। যে শৌচাগারটি রয়েছে, সেখানেও নিয়মিত পানি সরবরাহ করা হয় না। মাসিকের সময় নানা ধরনের ভোগান্তিতে পড়তে হয়। এসব কারণে অনেক সময় বিদ্যালয়ে অনুপস্থিত থাকতে হয়।”
ডোমার বালিকা বিদ্যানিকেতনের নবম শ্রেণির এক শিক্ষার্থী বলে, “মাসিকের সময় প্রয়োজনীয় সুযোগ-সুবিধা না পেয়ে অনেক সময় আমাদের চুপচাপ বসে থাকতে হয়। এর ফলে আমাকে শারীরিক সমস্যাতেও পড়তে হয়েছে।”
বিদ্যালয়ে মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি অভিভাবকদেরও।
মুক্তা নামের এ অভিভাবক হ্যালোকে বলেন, “বাসায় শৌচাগার পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হলেও বিদ্যালয়ে শিশুরা সব সময় সেই পরিবেশ পায় না। বিদ্যালয়ে পর্যাপ্ত পানি, ঢাকনাযুক্ত ডাস্টবিন ও হাইজিন কর্নার থাকা প্রয়োজন।”
এ প্রসঙ্গে কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিকেল অফিসার এস এস তৌহিদ হাসান হ্যালোকে বলেন, “মাসিক চলাকালে বিদ্যালয়ে স্বাস্থ্যসম্মত শৌচাগার, পর্যাপ্ত পানি ও সাবানের ব্যবস্থা থাকা জরুরি। এসব সুবিধার অভাবে পরিচ্ছন্নতা বজায় রাখতে সমস্যা হতে পারে। পাশাপাশি সময়মতো প্যাড পরিবর্তন করতে না পারলে নানা ধরনের শারীরিক অস্বস্তি ও সংক্রমণের ঝুঁকি তৈরি হতে পারে।”
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: নীলফামারী।