তিনি বলেন, শীতকালেও শিশুদের প্রতিদিন গোসল করানো যায়। তবে এ জন্য মৃদু গরম পানি ব্যবহার করতে হবে এবং গোসল করাতে হবে ঘরের ভেতরে।
Published : 28 Nov 2026, 09:00 PM
শীতকালে শিশুদের সুস্থ রাখতে ঘরের উষ্ণ পরিবেশ নিশ্চিত করা এবং গোসলসহ দৈনন্দিন পরিচর্যায় বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন বাগেরহাটের ২৫০ শয্যা জেলা হাসপাতালের শিশু বিভাগের জুনিয়র কনসালটেন্ট খান শিহান মাহামুদ।
হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, বড়দের তুলনায় শিশুরা শীতে সহজেই ঠান্ডায় আক্রান্ত হতে পারে। তাই শীতকালে শিশুদের বাইরে ঘোরাঘুরি কমিয়ে ঘরের উষ্ণ পরিবেশে রাখা উচিত। এ ছাড়া ঠান্ডা মেঝে থেকে সুরক্ষায় ঘরে কার্পেট বা মাদুর ব্যবহার করা যেতে পারে।
তিনি বলেন, শীতকালেও শিশুদের প্রতিদিন গোসল করানো যায়। তবে এ জন্য মৃদু গরম পানি ব্যবহার করতে হবে এবং গোসল করাতে হবে ঘরের ভেতরে। বাইরে গোসল করালে ঠান্ডা বাতাসে শিশুর ঠান্ডা-কাশি ও শ্বাসতন্ত্রের জটিলতা দেখা দিতে পারে।
শিশুর ত্বকের যত্নে অলিভ অয়েল ব্যবহারের পরামর্শ দিয়ে এই চিকিৎসক বলেন, মুখমণ্ডল বাদে শরীরের অন্যান্য অংশে অলিভ অয়েল ব্যবহার করা যেতে পারে।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: বাগেরহাট।