এইডিস মশার কামড় এড়াতে বাইরে চলাফেরার সময় ফুলহাতা জামা ও ফুল প্যান্ট পরার পরামর্শ দেন তিনি।
Published : 28 Nov 2026, 09:40 PM
ডেঙ্গু প্রতিরোধে এইডিস মশার কামড় এড়ানোর পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংসের পরামর্শ দিয়েছেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা. মো. মাশকুরুল আলম।
হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, বাংলাদেশে বর্ষাকাল ও বর্ষা পরবর্তী সময়ে এইডিস মশার বংশবিস্তার বেশি হয়। তাই এ সময় সতর্ক থাকতে হবে।
এইডিস মশার কামড় এড়াতে বাইরে চলাফেরার সময় ফুলহাতা জামা ও ফুল প্যান্ট পরার পরামর্শ দেন তিনি। এইডিস মশা দিনের বেলায় বেশি কামড়ায়। তাই দিনে ও রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহার করতে হবে।
তিনি বলেন, এইডিস মশার বংশবিস্তার রোধে বাড়ির আশপাশে পানি জমতে দেওয়া যাবে না। ফুলের টব, বালতি, পুরোনো টায়ার, ডাবের খোসা, পানির ট্যাংক ও ফ্রিজের নিচের ট্রেতে জমে থাকা পানি নিয়মিত ফেলে দিতে হবে। ঘরের পরিবেশও পরিষ্কার ও শুষ্ক রাখতে হবে।
ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। জ্বর হলে প্যারাসিটামল ছাড়া অন্য ব্যথানাশক ওষুধ খাওয়া যাবে না। পাশাপাশি পর্যাপ্ত পানি পান করতে হবে ও তরল খাবার খেতে হবে।
তীব্র পেটব্যথা, বারবার বমি, রক্তপাত, শ্বাসকষ্ট, অতিরিক্ত দুর্বলতা বা প্রস্রাব কমে গেলে দ্রুত হাসপাতালে যেতে হবে বলে জানান এই চিকিৎসক।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: গাজীপুর।