শিশুর রোগ প্রতিরোধে টিকাদানের ওপরও গুরুত্ব দেন এই চিকিৎসক।
Published : 28 Nov 2026, 08:40 PM
শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে জন্মের পর প্রথম ছয় মাস শুধু মায়ের বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দিয়েছেন বাগেরহাটের ২৫০ শয্যা জেলা হাসপাতালের শিশু বিভাগের জুনিয়র কনসালটেন্ট খান শিহান মাহামুদ।
হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, পাঁচ বছরের কম বয়সী শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলক কম থাকে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা বিকশিত হয়। এ ক্ষেত্রে শিশুর পুষ্টিকর খাবার গ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি বলেন, জন্মের পর প্রথম ছয় মাস শিশুকে শুধু মায়ের বুকের দুধ খাওয়াতে হবে। ছয় মাস পূর্ণ হলে বুকের দুধের পাশাপাশি বাড়তি খাবার দিতে হবে। এ সময় ঘরে তৈরি খিচুড়ি, মুরগির মাংস ও ডিমের মত পুষ্টিকর খাবার দেওয়া যেতে পারে। ধীরে ধীরে শিশুকে পরিবারের স্বাভাবিক খাবারে অভ্যস্ত করতে হবে।
শিশুর রোগ প্রতিরোধে টিকাদানের ওপরও গুরুত্ব দেন এই চিকিৎসক।
তিনি বলেন, ছয় মাস বয়স পূর্ণ হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শিশুকে ইনফ্লুয়েঞ্জার টিকা দেওয়া যেতে পারে। বিশেষ করে শীতের শুরুতে এই টিকা দিলে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসজনিত সংক্রমণ থেকে সুরক্ষা পাওয়া যায়।
এ ছাড়া সরকারিভাবে পরিচালিত ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইনে শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান তিনি। পাশাপাশি বয়স ও স্বাস্থ্যগত অবস্থা অনুযায়ী চিকিৎসকের পরামর্শে কৃমিনাশক ওষুধ দেওয়ার কথাও বলেন।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: বাগেরহাট।