তিনি বলেন, সাধারণ ঠান্ডা-কাশি হলে প্রথমে বাসায় শিশুর যত্ন নেওয়া যেতে পারে। এ সময় শিশুকে মৃদু গরম পানি পান করানো এবং নাক বন্ধ থাকলে শূন্য দশমিক ৯ শতাংশ নরমাল স্যালাইন ড্রপ দেওয়া যায়।
Published : 28 Nov 2026, 09:20 PM
শীতকালে শিশুর নিউমোনিয়া প্রতিরোধে ঠান্ডা-কাশির শুরুতেই যত্ন নেওয়া এবং প্রয়োজন হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন বাগেরহাটের ২৫০ শয্যা জেলা হাসপাতালের শিশু বিভাগের জুনিয়র কনসালটেন্ট খান শিহান মাহামুদ।
হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, শীতের সময় শিশুদের ঠান্ডা-কাশি থেকে ধীরে ধীরে নিউমোনিয়া হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। বিশেষ করে হঠাৎ শীত বেড়ে গেলে ঠান্ডাজনিত নিউমোনিয়ায় আক্রান্ত শিশুর সংখ্যা বাড়তে থাকে।
তিনি বলেন, সাধারণ ঠান্ডা-কাশি হলে প্রথমে বাসায় শিশুর যত্ন নেওয়া যেতে পারে। এ সময় শিশুকে মৃদু গরম পানি পান করানো এবং নাক বন্ধ থাকলে শূন্য দশমিক ৯ শতাংশ নরমাল স্যালাইন ড্রপ দেওয়া যায়। পাশাপাশি শিশুকে ঠান্ডার সংস্পর্শ থেকে দূরে রাখতে হবে।
তবে বাসায় যত্ন নেওয়ার পরও শিশুর অবস্থার উন্নতি না হলে দ্রুত হাসপাতালে নিয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হবে বলে জানান তিনি।
খান শিহান মাহামুদ বলেন, শিশুদের ঠান্ডা-কাশি হলে অনেক অভিভাবক ফার্মেসি থেকে ওষুধ কিনে খাওয়ান। অনেক ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়াই অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, যা সঠিক চিকিৎসাপদ্ধতি নয়। অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে শিশুর অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দিতে হতে পারে।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: বাগেরহাট।