শিশুদের সিসাদূষণের ঝুঁকি প্রাপ্তবয়স্কদের তুলনায় বেশি হওয়ার পেছনে রয়েছে তাদের স্বাভাবিক আচরণ ও শারীরিক বিকাশের কিছু কারণ।
Published : 28 Nov 2026, 08:00 PM
খেলতে খেলতে মেঝেতে পড়ে থাকা কিছু একটা হাতে তুলে নিল শিশু। কখনো সেই হাতই চলে যায় মুখে। আবার খেলনা নিয়েও মুখে দেওয়ার অভ্যাস আছে অনেক ছোট শিশুর। তাদের অজান্তেই এসবের মাধ্যমে শরীরে ঢুকতে পারে ক্ষতিকর সিসা।
শিশুদের সিসাদূষণের ঝুঁকি প্রাপ্তবয়স্কদের তুলনায় বেশি হওয়ার পেছনে রয়েছে তাদের স্বাভাবিক আচরণ ও শারীরিক বিকাশের কিছু কারণ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা- ডব্লিউএইচও বলছে, গিলে শরীরে প্রবেশ করা সিসা প্রাপ্তবয়স্কদের তুলনায় শিশুরা চার থেকে পাঁচ গুণ বেশি শোষণ করতে পারে। ছোট শিশুরা হামাগুড়ি দেয়, মেঝেতে খেলে এবং হাত ও বিভিন্ন বস্তু মুখে দেয়। ফলে সিসাযুক্ত মাটি, ধুলা বা রঙের কণা তাদের শরীরে প্রবেশ করতে পারে।
শরীরে আয়রন ও ক্যালসিয়ামের ঘাটতি থাকলেও সিসা শোষণের পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছে ডব্লিউএইচও।
যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র, সিডিসি বলছে, ছয় বছরের কম বয়সী শিশুরা সিসার সংস্পর্শে এলে স্বাস্থ্যগত ক্ষতির ঝুঁকিতে বেশি থাকে। এ বয়সে তাদের শরীর দ্রুত বিকশিত হয় বলে সিসার ক্ষতিকর প্রভাবও বেশি হতে পারে।
আরও উদ্বেগের বিষয় হল, সিসার সংস্পর্শে এলেও অনেক শিশুর মধ্যে শুরুতে কোনো স্পষ্ট লক্ষণ দেখা যায় না। ফলে বাইরে থেকে সুস্থ মনে হলেও তাদের মস্তিষ্কের বিকাশ, মনোযোগ ও শেখার ক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, সিসার এমন কোনো মাত্রা জানা নেই, যা স্বাস্থ্যের জন্য সম্পূর্ণ নিরাপদ।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: গাজীপুর।