আশিকুর রহমান আরও বলেন, বাল্যবিয়ের শিকার অনেক কিশোরী স্বামী বা শ্বশুরবাড়ির সদস্যদের কাছ থেকে শারীরিক ও যৌন নির্যাতনের শিকার হয়।
Published : 28 Nov 2026, 08:20 PM
বাল্যবিয়ের পর সংসারের দায়িত্ব ও নতুন পরিস্থিতির চাপে অনেক কিশোরী একাকিত্ব ও হতাশায় ভোগে। পাশাপাশি অল্প বয়সে মাতৃত্ব তাদের মানসিক স্বাস্থ্যঝুঁকি আরও বাড়ায় বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের প্রভাষক আশিকুর রহমান।
হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, বিয়ের পর কিশোরীদের ওপর হঠাৎ অনেক দায়িত্ব এসে পড়ে। এসব দায়িত্ব সামলানোর মানসিক প্রস্তুতি তাদের থাকে না।
তিনি বলেন, অল্প বয়সে মা হওয়ার পর সংসারের পাশাপাশি সন্তান লালনপালনের দায়িত্বও নিতে হয় কিশোরীদের। স্বামী ও পরিবারের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা না পেলে তাদের প্রসব-পরবর্তী বিষণ্নতার ঝুঁকি বাড়তে পারে।
আশিকুর রহমান আরও বলেন, বাল্যবিয়ের শিকার অনেক কিশোরী স্বামী বা শ্বশুরবাড়ির সদস্যদের কাছ থেকে শারীরিক ও যৌন নির্যাতনের শিকার হয়। এসব অভিজ্ঞতা থেকে দীর্ঘমেয়াদি মানসিক সমস্যা তৈরি হতে পারে।
মানসিক স্বাস্থ্য নিয়ে সামাজিক সংকোচের কারণে অনেক কিশোরী প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ পায় না বলে মনে করেন তিনি।
বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে এই শিক্ষক বলেন, শুধু আইন প্রয়োগ করে এ সমস্যা মোকাবেলা সম্ভব নয়। শিক্ষাপ্রতিষ্ঠানে বাল্যবিয়ের শারীরিক, মানসিক ও সামাজিক ক্ষতিকর দিকগুলো তুলে ধরার পাশাপাশি অভিভাবকদেরও সচেতন করতে হবে।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: ঢাকা।