আশিকুর রহমান বলেন, দারিদ্র্য, শিক্ষার অভাব ও সামাজিক সচেতনতার ঘাটতিসহ নানা কারণে কিশোরীদের অল্প বয়সে বিয়ে হচ্ছে।
Published : 29 Nov 2026, 02:50 PM
বাল্যবিয়ের পর সংসারের দায়িত্ব ও নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে গিয়ে অনেক কিশোরী একাকিত্ব, হতাশা ও মানসিক চাপে ভোগে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের প্রভাষক আশিকুর রহমান।
হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, অল্প বয়সে মাতৃত্ব ও পর্যাপ্ত সহযোগিতার অভাবে কিশোরীদের প্রসব-পরবর্তী বিষণ্নতার ঝুঁকিও বাড়তে পারে।
আশিকুর রহমান বলেন, দারিদ্র্য, শিক্ষার অভাব ও সামাজিক সচেতনতার ঘাটতিসহ নানা কারণে কিশোরীদের অল্প বয়সে বিয়ে হচ্ছে।
বিয়ের পর সংসারের দায়িত্ব নিতে গিয়ে অনেক কিশোরী মানসিক চাপে পড়ে। এসব দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা তাদের থাকে না। নতুন পরিস্থিতিতে মানিয়ে নিতে না পারলে পরিবারের কাছ থেকেও অনেক সময় সহযোগিতা পায় না। বরং কটূক্তি ও হেয় করার শিকার হয়। এতে তাদের মধ্যে একাকিত্ব ও হতাশা তৈরি হতে পারে।
অল্প বয়সে মাতৃত্বও কিশোরীদের জন্য বাড়তি চাপ তৈরি করে উল্লেখ করে এই শিক্ষক বলেন, সন্তান জন্মের পর সংসারের দায়িত্বের পাশাপাশি শিশুর যত্ন নেওয়ার দায়িত্বও তাদের পালন করতে হয়। কিন্তু আমাদের সমাজে নারী-পুরুষের মধ্যে দায়িত্বের অসমতা থাকায় অনেক কিশোরী স্বামী ও পরিবারের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পায় না।
তিনি বলেন, বাল্যবিয়ের শিকার অনেক কিশোরী স্বামী কিংবা শ্বশুরবাড়ির সদস্যদের মাধ্যমে শারীরিক ও যৌন নির্যাতনের শিকার হয়। এর ফলে দীর্ঘমেয়াদি মানসিক সমস্যা তৈরি হতে পারে।
বাল্যবিয়ে প্রতিরোধে আইনের প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন আশিকুর রহমান। তার মতে, পাঠ্যবইয়ে বাল্যবিয়ের শারীরিক, মানসিক ও সামাজিক ক্ষতিকর দিকগুলো তুলে ধরার পাশাপাশি অভিভাবকদেরও সচেতন করতে হবে।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: ঢাকা।