সিসার সংস্পর্শে শিশুর বয়স অনুযায়ী উচ্চতা বৃদ্ধিও বাধাগ্রস্ত হতে পারে।
Published : 29 Nov 2026, 02:40 PM
সিসাদূষণ শিশুদের মনোযোগ ও আচরণে প্রভাব ফেলতে পারে বলে জানান ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মো. মেহেদী হাসান নোবেল।
হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সিসার সংস্পর্শে এলে শিশুর মস্তিষ্কের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হতে পারে। এর প্রভাবে শিশুর মেজাজ খিটখিটে হয়ে যেতে পারে। পড়াশোনায় মনোযোগ ধরে রাখা এবং পড়া মনে রাখতেও সমস্যা হতে পারে।
এ ছাড়া শরীরে দুর্বলতা ও ক্ষুধামন্দা দেখা দিতে পারে। সিসার সংস্পর্শে শিশুর বয়স অনুযায়ী উচ্চতা বৃদ্ধিও বাধাগ্রস্ত হতে পারে।
এই চিকিৎসক বলেন, সিসার কারণে শিশুর মস্তিষ্কের যে ক্ষতি হয় তা আর আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয় না।
তবে সিসার ক্ষতিকর প্রভাব শুধু শিশুদের মধ্যেই সীমাবদ্ধ নয়। বড়দের ক্ষেত্রেও এটি হৃদ্রোগ ও স্ট্রোকের ঝুঁকি বাড়াতে পারে। পাশাপাশি কিডনির স্বাভাবিক কার্যক্ষমতা কমিয়ে দিতে পারে।
সিসার ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে রং মেশানো খাবার এড়িয়ে চলার পাশাপাশি দূষিত বায়ুতে চলাচলের সময় মাস্ক ব্যবহারের পরামর্শ দেন তিনি।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: নীলফামারী।