একটি স্বেচ্ছাসেবী সংগঠন রংপুর সিটি কর্পোরেশনের ৭টি ওয়ার্ডে এই লার্নিং সেন্টারগুলো পরিচালনা করছে।
Published : 25 Nov 2026, 03:11 PM
রংপুরে সুবিধাবঞ্চিত শিশুদের প্রাক-প্রাথমিক শিক্ষা প্রদানে কাজ করছে তরুণদের গড়ে তোলা দশটি ‘লার্নিং সেন্টার’।
‘ইয়ুথ পাওয়ার সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন রংপুর সিটি কর্পোরেশনের ৭টি ওয়ার্ডে এই লার্নিং সেন্টারগুলো পরিচালনা করছে।
জানা যায়, প্রতিটি লার্নিং সেন্টারে ৩ থেকে ৫ বছর বয়সী ২০ জন শিশু পড়ার সুযোগ পায়। সপ্তাহে সাধারণত দুই দিন করে ক্লাস নেওয়া হয়। শিশুদের কাছে পড়াশোনাকে সহজ ও আকর্ষণীয় করে তুলতে এখানে খেলার ছলে পাঠদান করা হয়।
পাঠ্যক্রমের অংশ হিসেবে শিশুদের বাংলা ও ইংরেজি বর্ণমালার সঙ্গে পরিচয় করানোর পাশাপাশি কবিতা ও ছড়া শেখানো হয়। একই সাথে তাদের শারীরিক ব্যায়াম, ব্যক্তিগত ও সামাজিক পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করা হয়। বিশেষ করে হাত ধোয়া, নখ কাটা এবং সাধারণ শিষ্টাচারের বিষয়গুলো তাদের হাতে-কলমে শেখানো হয়।
লার্নিং সেন্টারগুলোতে পাঠদান পুরোপুরি বিনামূল্যে নয়। নামমাত্র মূল্যে মাসে ১০ থেকে ২০ টাকা বেতন নেওয়া হয়। তবে কোনো অভিভাবক টাকা দিতে অপারগ হলে এর পরিবর্তে ব্যবহৃত প্লাস্টিক সংগ্রহ করে জমা দেওয়ার বিশেষ সুযোগ রয়েছে।
কোনো শিশু প্রথম ভর্তি হলে তাকে একটি খাতা ও পেন্সিল দেওয়া হয় এবং অন্তত ছয় মাস নিয়মিত ক্লাসে উপস্থিত থাকলে আরও নানা শিক্ষা উপকরণ উপহার দেওয়া হয়।
উদ্যোগটি সম্পর্কে সংগঠনের পরিচালক মো. জাহিদ আলম জেমস হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১০টি লার্নিং সেন্টারের মধ্যে আমাদের সংগঠনের একটি অফিস ও একটি বেসরকারি উন্নয়ন সংস্থার তিনটি অফিসে পাঠদান করা হয়। বাকি ৬টি লার্নিং সেন্টারে বিভিন্ন বাড়ির উঠানে তেরপাল বিছিয়ে শিশুদের পড়ানো হয়।”
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: রংপুর।