বড় হয়ে প্রকৌশলী হওয়ার স্বপ্ন ছিল ১৭ বছর বয়সী জহিরুলের। কিন্তু বাবার মৃত্যুতে থেমে যায় তার পড়াশোনা।
Published : 23 Nov 2026, 07:30 PM
নিজের একটি চায়ের দোকান দেওয়ার স্বপ্ন দেখে ১৭ বছর বয়সী জহিরুল ইসলাম। সেই স্বপ্ন পূরণে প্রতিদিন কমলাপুর রেলস্টেশনে কুলির কাজ করে সে।
সারাদিনের কাজ শেষে ৩০০ থেকে ৪০০ টাকা আয় হয় তার। এর অর্ধেক তুলে দেয় মায়ের হাতে।
জহিরুলের গ্রামের বাড়ি সুনামগঞ্জের শান্তিপুরে। ছয় বছর ধরে কমলাপুর রেলস্টেশনে কাজ করছে সে।
হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জহিরুল জানায়, বাবা মারা যাওয়ার পর মা দ্বিতীয় বিয়ে করেন। বর্তমানে মায়ের সঙ্গে ঢাকার তেজগাঁওয়ে থাকে সে। সকালে ট্রেনে করে কমলাপুরে আসে, কাজ শেষে রাতে আবার বাড়ি ফিরে যায়।
একসময় বড় হয়ে প্রকৌশলী হওয়ার স্বপ্ন ছিল তার। চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করলেও পরে আর তা চালিয়ে যেতে পারেনি।
এখন নিজের একটি চায়ের দোকান দেওয়ার ইচ্ছা জহিরুলের। সে জানায়, দোকান দেওয়ার কাজে তাকে সহায়তা করবেন সৎ বাবাও।
প্রতিবেদকের বয়স: ১২। জেলা: ঢাকা।