সে জানায়, তার মায়ের মৃত্যুর পর বাবা দ্বিতীয় বিয়ে করে যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলেন।
Published : 23 Nov 2026, 07:15 PM
ছোট ভাইয়ের পড়াশোনা ও ভরণপোষণের খরচ জোগাতে কমলাপুর রেলস্টেশনে কুলির কাজ করে ১৭ বছর বয়সী আব্দুর রহমান। রাতেও ঘুমায় এই স্টেশনেই।
রোজ ১০০ থেকে ২৫০ টাকা পর্যন্ত আয় হয় রহমানের। সেই টাকার একটি অংশ পাঠিয়ে দেয় দাদির কাছে, ছোট ভাইয়ের পড়াশোনার খরচের জন্য।
তার কাছে নিজের চাওয়া-পাওয়ার চেয়ে ছোট ভাইয়ের ভালো থাকাটাই বড়।
প্রায় এক বছর ধরে কমলাপুর রেলস্টেশনে কাজ করছে সে। তার গ্রামের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কাশিমপুরে। বাবা পেশায় সিএনজি চালক।
রহমান জানায়, তার মা মারা যাওয়ার পর বাবা দ্বিতীয় বিয়ে করেন। বিয়ের কয়েকদিনের মাথায় বাবা ও সৎ মা দুজনই নিখোঁজ হয়ে যান। মায়ের মৃত্যুর কারণে পড়াশোনাও করা হয়নি তার। ছোট ভাই থাকে দাদির বাড়িতে।
দাদির পরিবারের আর্থিক অবস্থাও ভালো নয়। সেখানে থাকলে ছোট ভাইয়ের পড়াশোনা ও অন্যান্য খরচ চালানো কঠিন হবে ভেবে কাজের খোঁজে ঢাকায় আসে রহমান। ছোট ভাইয়ের যেন কোনো অযত্ন না হয়, সেই চিন্তা থেকেই নিজের কাঁধে বড় ভাইয়ের দায়িত্ব তুলে নেয় সে।
হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রহমান জানায়, ছোট ভাইয়ের পড়াশোনা ও ভালো থাকার কথা ভেবেই বাড়ি ছেড়ে কমলাপুর রেলস্টেশনে থাকে সে।
বছরে একবার দাদির বাড়িতে গেলেও সেখানে বেশিদিন থাকা হয় না তার। ১০ থেকে ১২ দিন থেকে আবার দায়িত্বের টানে ফিরে আসে কমলাপুর রেলস্টেশনে।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: ঢাকা।