পড়াশোনা শেষ করে পুলিশ সদস্য হওয়ার স্বপ্ন তার।
Published : 28 Nov 2026, 02:35 PM
সপ্তম শ্রেণিতে পড়ার সময় থেকেই বিয়ের প্রস্তাব আসতে থাকে লিজার পরিবারের কাছে। নিজ চেষ্টায় বাল্যবিয়ে থেকে নিজেকে রক্ষা করে পড়াশোনা চালিয়ে যাচ্ছে ১৪ বছর বয়সী এই কিশোরী। পড়াশোনা শেষ করে পুলিশ সদস্য হওয়ার স্বপ্ন তার।
লিজার পুরো নাম মোসলেমা আক্তার লিজা। তার বাড়ি রংপুরের কাউনিয়া উপজেলার হরিশ্বর গ্রামে। বর্তমানে সে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ছে।
হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সে বলে, “আমি যখন সেভেন-এইটে পড়ি, তখন প্রতিবেশীরা আমার বাবা-মাকে আমাকে বিয়ে দেওয়ার পরামর্শ দিতে শুরু করেন। একসময় আমার পরিবারও বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়।”
কিন্তু লিজা তখন বিয়ে করতে রাজি হয়নি। পরিবারকে জানায়, সে আগে পড়াশোনা শেষ করতে চায়। এরপরও বিয়ের আলোচনা চলতে থাকায় একসময় মানসিকভাবে ভেঙে পড়ে সে। তবে দ্রুতই নিজেকে সামলে নেয় লিজা।
হ্যালোকে সে বলে, “আমি পরিবারকে সাফ জানিয়ে দেই, আমাকে জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা করলে জরুরি সহায়তার নম্বর ১০৯৮-এ কল করে আমি পুলিশকে জানাব।”
লিজার দৃঢ় অবস্থান দেখে বিয়ের সিদ্ধান্ত থেকে সরে আসে তার পরিবার। এখনো প্রায়ই তার বিয়ের প্রস্তাব আসে। তবে এসব প্রস্তাবে আর গুরুত্ব দেয় না তার পরিবার।
পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ পেয়ে লিজা এখন নিজের স্বপ্ন পূরণের আশা দেখছে।
প্রতিবেদকের বয়স: ১১। জেলা: রংপুর।