তিনি বলেন, কৈশোরে প্রত্যেকেই নানা ধরনের শারীরিক ও মানসিক পরিবর্তনের মধ্য দিয়ে যায়।
Published : 07 Oct 2026, 02:25 PM
বাল্যবিয়ের পর সংসারের দায়িত্ব, পরিবার থেকে দূরে চলে যাওয়া এবং পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার মত বিষয়গুলো কিশোরীদের ওপর মানসিক চাপ তৈরি করতে পারে বলে মনে করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর (সাইকোলজিস্ট) ফজিলাতুন নেছা।
হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে আলাপচারিতায় এই মনোবিদ জানান, বাল্যবিয়ের সঙ্গে কিশোরীদের উদ্বেগ ও বিষণ্ণতার মত মানসিক সমস্যার সম্পর্ক রয়েছে, বাড়তে পারে এসবের ঝুঁকি।
তিনি বলেন, কৈশোরে প্রত্যেকেই নানা ধরনের শারীরিক ও মানসিক পরিবর্তনের মধ্য দিয়ে যায়। এ সময় বিয়ে হলে নতুন সম্পর্ক ও সংসারের দায়িত্ব সামলাতে গিয়ে কিশোরীর ওপর বাড়তি চাপ তৈরি হয়। পরিবারের কাছ থেকে দূরে চলে যাওয়া এবং বন্ধুদের সঙ্গে থাকতে না পারা বা স্কুলে যেতে না পারার কারণেও তার মধ্যে উদ্বেগ ও বিষণ্ণতা তৈরি হতে পারে।
বিয়ের পর অনিচ্ছাকৃত শারীরিক সম্পর্ক, মাতৃত্ব এবং স্বামীকে দেখাশোনার দায়িত্বও কিশোরীর জন্য কঠিন হয়ে উঠতে পারে বলে জানান তিনি। এসব অভিজ্ঞতা থেকে কারও কারও মধ্যে ট্রমা বা পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারের মত সমস্যা দেখা দিতে পারে।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: সিলেট।