এ মনোবিদ বলেন, বাল্যবিয়ের পর কিশোরীর মনের ওপর দিয়ে অনেক চাপ যেতে পারে।
Published : 08 Oct 2026, 05:40 PM
বাল্যবিয়ের পর কোনো কিশোরী মানসিক চাপে আছে কিনা, তা তার আচরণ ও দৈনন্দিন অভ্যাসের পরিবর্তন দেখে বোঝা যেতে পারে।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর (সাইকোলজিস্ট) ফজিলাতুন নেছা হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিয়ের পর কোনো কিশোরী হঠাৎ অস্বাভাবিক আচরণ করলে বা আগের তুলনায় তার আচরণে বড় পরিবর্তন দেখা দিলে বুঝতে হবে সে মানসিক চাপে থাকতে পারে।
তিনি বলেন, অতিরিক্ত কান্নাকাটি করা, কারও সঙ্গে কথা না বলা, জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলা, খাওয়া-দাওয়া না করা কিংবা ঘুমাতে না পারার মত লক্ষণ মানসিক সমস্যার ইঙ্গিত হতে পারে। নিজের ক্ষতি করার চেষ্টা করলেও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে হবে।
তার ভাষ্য, কৈশোরে এমনিতেই আচরণে নানা পরিবর্তন দেখা যায়। তারা কখনো তর্ক করতে পারে, ঝগড়া করতে পারে কিংবা বেশি আবেগপ্রবণ ও হঠকারী আচরণ করতে পারে। তবে আচরণে হঠাৎ বড় ধরনের পরিবর্তন এলে সেটিকে শুধু বয়সের স্বাভাবিক পরিবর্তন হিসেবে না দেখে কিশোরীটি কোনো মানসিক চাপের মধ্য দিয়ে যাচ্ছে কিনা, তা খেয়াল করা প্রয়োজন।
এ মনোবিদ বলেন, বাল্যবিয়ের পর কিশোরীর মনের ওপর দিয়ে অনেক চাপ যেতে পারে। তাই তার আচরণ, ঘুম, খাওয়া-দাওয়া ও দৈনন্দিন জীবনের পরিবর্তনগুলো পরিবারের সদস্যদের গুরুত্ব দিয়ে দেখা উচিত।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: সিলেট।