আমার কাছে ভালো বন্ধুত্বের অর্থ হল একে অন্যের মতামতকে সম্মান করা।
Published : 13 Oct 2026, 02:00 PM
আমাদের সবার জীবনেই বন্ধু থাকে। স্কুলে একসঙ্গে সময় কাটানো, গল্প করা, খেলাধুলা কিংবা মনের কথা ভাগ করে নেওয়ার জন্য বন্ধুর প্রয়োজন হয়। তবে বন্ধু হতে হলে কি সব কথায় একমত হতে হয়?
আমার মনে হয়, বন্ধু হতে হলে সব কথায় একমত হওয়া জরুরি নয়। আমার বন্ধুদের সঙ্গে অনেক বিষয়ে আমার মতের মিল হয়। আবার কিছু বিষয়ে অমিলও থাকে। কখনো কোনো বিষয় নিয়ে তর্ক হয় কখনো একজনের কথা অন্যজনের পছন্দ হয় না। তবে তাই বলে বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে, এমনটা আমি মনে করি না।
আমার কাছে ভালো বন্ধুত্বের অর্থ হল একে অন্যের মতামতকে সম্মান করা। আমার বন্ধু কোনো বিষয়ে আমার সঙ্গে একমত না হলে তার কথা শোনার চেষ্টা করি। কারণ আমার মতটাই সব সময় সঠিক হবে এমন নয়। বন্ধুরাও আমার ভুল ধরিয়ে দিতে পারে। এতে আমি নতুন করে ভাবতে শিখি।
আবার বন্ধুর কোনো কাজ আমার ভালো না লাগলে সেটাও তাকে বলার চেষ্টা করি। তবে এমনভাবে বলি, যাতে সে কষ্ট না পায়। কারণ বন্ধুকে খুশি করার জন্য তার সব কথায় হ্যাঁ বলা যেমন ঠিক নয়, আবার নিজের মত অন্যের ওপর চাপিয়ে দেওয়াও ঠিক নয়।
আমার মনে হয়, যে বন্ধুত্বে দুজনই নির্ভয়ে নিজের কথা বলতে পারে, সেই বন্ধুত্বই সবচেয়ে সুন্দর। মতের অমিল থাকলেও একে অন্যের প্রতি সম্মান ও বিশ্বাস থাকা জরুরি।
প্রতিবেদকের বয়স: ১৫। জেলা: কিশোরগঞ্জ।