ফুটপাতের বাধা সবার জন্য সমান সমস্যা তৈরি করে না। শিশু, বয়স্ক মানুষ ও প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলে এতে আরও বেশি অসুবিধা হতে পারে।
Published : 01 Nov 2026, 05:15 PM
পথচারীদের নিরাপদে চলাচলের জন্যই তৈরি করা হয় ফুটপাত। কিন্তু অনেক জায়গায় ফুটপাত দখল হয়ে থাকায় সেখানে স্বাভাবিকভাবে হাঁটার সুযোগ থাকে না।
কোথাও দোকানের পসরা, কোথাও নির্মাণসামগ্রী, আবার কোথাও রাখা থাকে মোটরসাইকেল বা অন্য যানবাহন। ফলে বাধ্য হয়ে অনেককে মূল সড়ক দিয়ে হাঁটতে হয়।
এতে চলন্ত গাড়ির কাছাকাছি দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ঘটনার ঝুঁকিতে পড়তে হয় পথচারীদের।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, সড়ক দুর্ঘটনায় বিশ্বে নিহত মানুষের প্রায় এক-চতুর্থাংশই পথচারী। নিরাপদ ফুটপাত ও সড়ক পারাপারের ব্যবস্থা পথচারীদের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ফুটপাতের বাধা সবার জন্য সমান সমস্যা তৈরি করে না। শিশু, বয়স্ক মানুষ ও প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলে এতে আরও বেশি অসুবিধা হতে পারে। বিশেষ করে হুইলচেয়ার ব্যবহারকারীদের জন্য ফুটপাতের সামান্য বাধাও চলাচলের পথ বন্ধ করে দিতে পারে।
তাই এটি দখলমুক্ত রাখা যেমন জরুরি তেমনই ফুটপাতের ওপর দিয়ে সবার নিরাপদে চলাচলের সুযোগ নিশ্চিত করাও প্রয়োজন। কারণ যে পথে হাঁটার কথা, সেই পথেই যদি বাধার মুখে পড়তে হয় তাহলে নিরাপদ সড়ক গড়ে তোলা কঠিন।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: গাজীপুর।