বর্ষাকালে বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে তাদের যাতায়াত আরও কঠিন হয়ে পড়ে। এত বাধার পরও তাদের অনেকে পড়াশোনা চালিয়ে যাওয়ার চেষ্টা করে।
Published : 14 Oct 2026, 03:20 PM
আমি রাঙামাটিতে থাকি। তাই খুব কাছ থেকে দেখেছি, এখানকার অনেক শিক্ষার্থীকে পাহাড়ি পথ আর কাপ্তাই হ্রদ পেরিয়ে বিদ্যালয়ে যেতে হয়।
বর্ষাকালে বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে তাদের যাতায়াত আরও কঠিন হয়ে পড়ে। এত বাধার পরও তাদের অনেকে পড়াশোনা চালিয়ে যাওয়ার চেষ্টা করে।
আমি দেখেছি, দুর্গম এলাকার অনেক শিক্ষার্থীকে বিদ্যালয়ে পৌঁছাতে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। কখনো পাহাড়ি পথ, কখনো নৌপথ তাদের যাতায়াতের মাধ্যম। বৃষ্টি হলে কিংবা আবহাওয়া খারাপ থাকলে নিরাপদে বিদ্যালয়ে পৌঁছানোও কঠিন হয়ে ওঠে। এতে তাদের সময় ও শ্রম দুটোই বেশি ব্যয় হয়।
শুধু যাতায়াতের সমস্যাই নয়, কিছু বিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষকের অভাবও রয়েছে। শিক্ষকসংকটের কারণে নিয়মিত পাঠদান ব্যাহত হলে শিক্ষার্থীদের পড়াশোনায় সমস্যা হয়। ফলে দুর্গম এলাকার শিশুদের শিক্ষাজীবনে নানা বাধার মুখোমুখি হতে হয়।
আমার মনে হয়, রাঙামাটির প্রতিটি শিশুর জন্য নিরাপদ যাতায়াত, পর্যাপ্ত শিক্ষক ও প্রয়োজনীয় শিক্ষাসুবিধা নিশ্চিত করা জরুরি। পাহাড় আর হ্রদ যেন কোনো শিশুর শিক্ষার পথে বাধা না হয়। রাঙামাটির সব শিশু সমানভাবে শিক্ষার সুযোগ পায়, এটাই আমার প্রত্যাশা।
প্রতিবেদকের বয়স: ১২। জেলা: রাঙামাটি।