শিক্ষকরা আমাদের সান্ত্বনা দিয়ে বললেন, বিদায় মানে শেষ নয়।
Published : 20 Mar 2025, 08:27 PM
আমার শিক্ষাজীবনের একটি বড় অধ্যায় শেষ হল । বুধবার ছিল স্কুলের শেষ দিন। প্রিয় স্কুলও এদিন আমাদের আনুষ্ঠানিকভাব বিদায় জানাল।
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বনশ্রী ক্যাম্পাসের সঙ্গে আমার পথচলার গল্পটা দশ বছরের। এখানে মিশে আছে আমার শৈশব ও কৈশোরের অসংখ্য স্মৃতি।
বিদায় অনুষ্ঠানের দিন সকাল থেকে স্কুলের পরিবেশটা ছিল একটু অন্যরকম। বন্ধুদের কারো মুখে হাসি, কারো চোখে জল। পুরো বিদায় অনুষ্ঠানটি আবেগঘন পরিবেশে শেষ হয়।
সবাই দীর্ঘ একটা সময় একসঙ্গে পথ চলার পর আজ বিদায় নিতে হবে এটা যেন বিশ্বাস হচ্ছিল না। কেউ কেউ পুরোনো দিনের কথা মনে করে হাসছিল, আবার কেউ চুপচাপ স্মৃতির জগতে ডুবে ছিল।
শিক্ষকরা আমাদের আশীর্বাদ করলেন। ভবিষ্যতের জন্য দিলেন নানা উপদেশ। উপহার হিসেবে আমাদের হাতে তুলে দিলেন কলম, পেন্সিল ও বই।
বিদায় অনুষ্ঠানে এসএসসি পরীক্ষার প্রবেশপত্রের সঙ্গে পরীক্ষার সূচিপত্রও দেওয়া হয়। যা দেখে মনে পড়ে গিয়েছিল, এই বিদায় আমাদের আরও বহুদূর এগিয়ে যাওয়ার প্রেরণা। এসএসসি পরীক্ষার সফলতা আমাদের নিয়ে যাবে কলেজের সীমানায়।
শিক্ষকরা আমাদের সান্ত্বনা দিয়ে বললেন, বিদায় মানে শেষ নয়। এটি নতুন পথচলার শুরু।
বিদায় বেলার সব অনুভূতিগুলো ভাষায় প্রকাশ করা কঠিন। তবে এটুকু জানি, স্কুল আমাদের শেকড়। এখান থেকেই আমরা শিখেছি, গড়ে উঠেছি। তাই এই বন্ধন কখনো ছিন্ন হবে না।
বিদায়, প্রিয় প্রতিষ্ঠান। তুমি থাকবে হৃদয়ের গহীনে, স্মৃতির পাতায় চির উজ্জ্বল হয়ে।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: ঢাকা।