জাতীয় কবি লিখেছেন, 'মনের পশুরে কর জবাই/ পশুরাও বাঁচে, বাঁচে সবাই।'
Published : 28 May 2026, 07:37 AM
ত্যাগ, সাম্য আর মানবিকতার বার্তা নিয়ে আবারও এসেছে ঈদুল আজহা। মুসলমানদের অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসব প্রতি বছরই আনন্দের আবহ নিয়ে আসে।
হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, জিলহজ মাসের ১০ তারিখে উদযাপিত হয় ঈদুল আজহা। ঈদুল ফিতরের মত এই ঈদে চাঁদ দেখা নিয়ে শেষ মুহূর্তের অপেক্ষা থাকে না।
আগেভাগেই ঈদের তারিখ নির্ধারিত হয়ে যাওয়ায় কয়েকদিন আগে থেকেই জমে ওঠে পশুর হাট, ব্যস্ত হয়ে পড়ে বাস, ট্রেন আর লঞ্চ টার্মিনাল। শহরজুড়ে দেখা যায় উৎসবের আমেজ।
তবে এবার উৎসবের ঈদ এসেছে এক ভিন্ন বাস্তবতার মধ্যে। দেশের নানা প্রান্ত থেকে প্রতিদিনই আসছে হাম আক্রান্ত শিশুদের মৃত্যুর খবর। ছোট ছোট শিশুদের হারিয়ে অসহায় হয়ে পড়ছেন অনেক বাবা-মা।
ঈদের আগের দিন রাজধানীর একটি হাসপাতালে একসঙ্গে ছয় শিশুর মৃত্যুর ঘটনাও গভীর শোক তৈরি করেছে মানুষের মনে। আনন্দের এই সময়েও তাই অনেক পরিবারকে বয়ে বেড়াতে হচ্ছে কষ্ট আর শূন্যতা।
কোরবানির ঈদ মূলত ত্যাগের শিক্ষা দেয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কোরবানি করা হয়। কিন্তু কোরবানির অর্থ শুধু পশু জবাইয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়। এই ঈদ মানুষকে নিজের ভেতরের অহংকার, হিংসা, লোভ আর অমানবিকতা ত্যাগ করার কথাও মনে করিয়ে দেয়।
আমাদের সমাজে অনেক সময় কোরবানির চেয়ে বাহ্যিক আয়োজন বেশি গুরুত্ব পায়। কে কত বড় গরু কিনল, কার কোরবানির পশুর দাম কত, সেসব নিয়েই আলোচনা বেশি দেখা যায়। অথচ কোরবানির অন্যতম শিক্ষা হল বিনয় আর সহমর্মিতা। কোরবানির মাংসের একটি অংশ গরিব মানুষের মাঝে বিতরণের নিয়মও সেই মানবিকতার বার্তাই দেয়।
আমার মনে হয়, কোরবানির আসল সৌন্দর্য এখানেই যে এটি মানুষকে অন্যের কথা ভাবতে শেখায়। সমাজে এখনও এমন অনেক মানুষ আছেন, যাদের ঈদের আনন্দ খুব সীমিত। তাদের পাশে দাঁড়ানোও কোরবানির শিক্ষা।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার ‘শহীদী ঈদ’ কবিতায় লিখেছেন, 'মনের পশুরে কর জবাই/ পশুরাও বাঁচে, বাঁচে সবাই।'
এই কয়েকটি লাইনের মধ্যেই কোরবানির গভীর তাৎপর্য ফুটে ওঠে। মানুষরূপী শরীরের ভেতরে যে হিংসা, বিদ্বেষ আর নিষ্ঠুরতা বাস করে, সেগুলো দূর করার শিক্ষাই দেয় এই ঈদ।
আজকের সমাজে এই শিক্ষার প্রয়োজন আরও বেশি। চারদিকে অস্থিরতা, সহিংসতা আর মানবিকতার সংকটের সময়ে কোরবানির ঈদ আমাদের মনে করিয়ে দেয়, সত্যিকারের মানুষ হয়ে ওঠাই সবচেয়ে বড় বিষয়।
তাই আমার কাছে ঈদুল আজহা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, বরং নিজেকে বদলে আরও মানবিক হওয়ার একটি সুযোগ। মনের হিংসা, বিদ্বেষ ও সাম্প্রদায়িকতা দূর করে মানবিক হয়ে ওঠাই হোক কোরবানির শিক্ষা।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: ঢাকা।