নববর্ষকে বরণ করতে উৎসবের সাজে সেজেছিল কলেজ ক্যাম্পাস।
Published : 23 Apr 2026, 04:05 PM
আমি সবসময় খুব উৎসাহের সঙ্গে নববর্ষ উদযাপন করি। এবারও তার ব্যতিক্রম হয়নি। এমনকি এবারের পহেলা বৈশাখ অন্য যেকোনো বারের চেয়ে ভালো কেটেছে আমার।
আমি সিলেটের দক্ষিণ সুরমা সরকারি কলেজে পড়ি। আমাদের কলেজে এবার নানা আয়োজনের মাধ্য দিয়ে নববর্ষ উদযাপন করা হয়েছে। নববর্ষকে বরণ করতে উৎসবের সাজে সেজেছিল কলেজ ক্যাম্পাস। শোভাযাত্রা ও সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি ছিল বৈশাখী মেলার আয়োজনও।
সব কর্মকাণ্ডেই আমি সক্রিয়ভাবে অংশ নিই। উৎসবের আগে আমরা কলেজ প্রাঙ্গণকে আলপনায় সাজিয়ে তুলি। বন্ধু ও বড় ভাইয়া আপুদের সঙ্গে এই কাজে আমিও অংশ নিই।
নববর্ষের সকালে পাঞ্জাবি পরে কলেজে পৌঁছে দেখি চারদিকে উৎসবের ধুম। শিক্ষকদের নিয়ে আমরা শোভাযাত্রা বের করি।
শোভাযাত্রা শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে এককভাবে আবৃত্তি করার পাশাপাশি রোভার স্কাউট গ্রুপের হয়ে দলগত গানেও অংশ নিয়েছি।
কলেজ প্রাঙ্গণে বৈশাখী মেলাও বসেছিল। সেখানে আমরা রোভার স্কাউট দলের পক্ষ থেকে একটি স্টল দিয়েছিলাম। সেই স্টল পরিচালনাতেও খানিকটা সময় দেই। পাশাপাশি আমি মেলায় স্বেচ্ছাসেবক হিসেবেও দায়িত্ব পালন করি।
এমন কর্মব্যস্ত পহেলা বৈশাখ আগে আর কাটেনি। কাজের আনন্দের মাঝে এবারের দিনটি কেটেছে। যা আমার অনেকদিন মনে থাকবে।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: সিলেট।