দিন কয়েক আগেই স্কুলে আমার শেষ দিনটি কেটে গেল।
Published : 22 Apr 2026, 12:41 PM
আগে ভাবতাম, কবে স্কুল শেষ করে কলেজে উঠব। কিন্তু এখন যখন সত্যিই সেই সময়টা চলে এসেছে, তখন মন বলছে এই আঙিনায় যদি আরও কটা দিন কাটানো যেত!
দিন কয়েক আগেই স্কুলে আমার শেষ দিনটি কেটে গেল। আমাদের বিদায় উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা মিলে এক বিদায় অনুষ্ঠানের আয়োজন করেছিলেন।
সেদিন বাইরে ঝরঝর করে বৃষ্টি পড়ছিল। তা দেখে আমার বারবার মনে হচ্ছিল, আমাদের এই বিদায়ের বিষণ্ণতায় প্রকৃতিও যেন শামিল হয়েছে।
মঞ্চে দাঁড়িয়ে প্রিয় শিক্ষকরা যখন একে একে অনুভূতি ব্যক্ত করছিলেন তখন চারপাশটা যেন থমকে গিয়েছিল। সবাই আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করলেন এবং সামনের দিনগুলোর চ্যালেঞ্জ মোকাবেলার করণীয় সম্পর্কে জানান। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সিরাজুল ইসলাম সিরাজ স্যার স্কুল ও কলেজ জীবনের পার্থক্যের কথা মনে করিয়ে দিয়ে আমাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন হওয়ার উপদেশ দেন।
সব আনুষ্ঠানিকতার ফাঁকেই শেষবারের মতো বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে উঠি। চারপাশে হাসি আর আনন্দে ভরে থাকলেও মনের এক কোণে ছিল বিচ্ছেদের সুর। যতই বিদায়ের সময় ঘনিয়ে আসছিল সবার মুখগুলো ততই মলিন হয়ে যাচ্ছিল।
দেখতে দেখতে এভাবেই কেটে গেল আমাদের স্কুল জীবন। স্কুলের সেই আড্ডা আর বাঁধভাঙা আনন্দগুলো পেছনে ফেলে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। তবে স্কুলের এই শেষ দিনটি আমার জীবনে অমলিন হয়ে থাকবে।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: কক্সবাজার।