শিক্ষকদের সঙ্গে দেখা করা শেষে আমরা এক ফাঁকে আমাদের পুরনো ক্লাসরুমে যাই।
Published : 25 Mar 2026, 08:58 PM
সেদিন ছিল একুশে ফেব্রুয়ারি। আমরা চার বন্ধু মিলে আমাদের স্কুলে যাওয়ার পরিকল্পনা করি। কলেজে ওঠার পর আর স্কুলে যাওয়া হয়নি।
যেই ভাবা সেই কাজ। আমরা সকালেই স্কুলে পৌঁছে যাই। প্রথমেই স্কুল প্রাঙ্গণে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি।
এরপর শিক্ষক মিলনায়তনে যাই। সেখানে কয়েকজন শিক্ষকের সঙ্গে দেখা হয়। আমাদের দেখে গণিত শিক্ষক হাফিজ স্যার বেশ উচ্ছ্বসিত হন। তিনি আমাদের বর্তমান পড়াশোনা ও কলেজ জীবনের অভিজ্ঞতার কথা জানতে চান। এরপর আমরা প্রধান শিক্ষকের সঙ্গেও দেখা করি।
শিক্ষকদের সঙ্গে দেখা করা শেষে আমরা এক ফাঁকে আমাদের পুরনো ক্লাসরুমে যাই। এই অভিজ্ঞতাটা ছিল সবচেয়ে রোমাঞ্চকর। সেই চেনা বেঞ্চ, দেয়াল আর ব্ল্যাকবোর্ড সবই যেন আমাদের পুরনো দিনের কথা বলছিল।
ফেরার সময় এক ধরনের বিষণ্ণতা ভর করে। ছোটবেলার সেই দিনগুলোর কথা বারবার মনে পড়তে লাগল, যখন সবাই মিলে স্কুল মাঠে ফুটবল নিয়ে মেতে থাকতাম।
কিন্তু সময়ের ব্যবধানে সেই বন্ধুরা এখন দূরে। কেউ শহর ছেড়েছে আবার কেউ সপরিবারে পাড়ি জমিয়েছে দেশের বাইরে। আমাদের মাঠটা আগের মতই আছে, শুধু মানুষ বদলে গেছে।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: ঢাকা।