যাদের বাড়ি পানির উৎস থেকে দূরে, তাদের এভাবে অনেক সময় আর পরিশ্রম করতে হয়।
Published : 28 Sep 2026, 05:51 PM
গরম এলেই পাহাড়ি বিভিন্ন গ্রামে তীব্র সুপেয় পানির সংকট দেখা দেয়। বিশেষ করে রাঙামাটির বরকল, শুভলং এলাকার দিকের সংকটের কথা আমি বেশি শুনেছি।
যতটুকু জানি সেখানে পাহাড়ের অনেক পরিবার ঝরনার পানি পান করে। আর গোসল, কাপড় ধোয়া ও অন্য কাজের জন্য নদী বা কাপ্তাই হ্রদের পানি ব্যবহার করে।
গরমের সময় ঝরনার পানি কমে গেলে অনেক ভোগান্তি পোহাতে হয়। তখন অনেককে পানি আনতে বাড়ি থেকে অনেক দূরে যেতে হয়। কখনও পানি আনতেই আধা ঘণ্টা পর্যন্ত সময় লাগে।
একবার পানি এনে সব কাজ শেষ হয় না। আবারও পানি আনতে যেতে হয়। যাদের বাড়ি পানির উৎস থেকে দূরে, তাদের এভাবে অনেক সময় আর পরিশ্রম করতে হয়।
ছোটরাও অনেক সময় পরিবারের সঙ্গে পানি আনতে যায়। এতে তাদের পড়াশোনা, খেলাধুলা বা অন্য কাজের সময় কমে যায়।
আমি চাই, পাহাড়ের কোনো শিশুকে শুধু পানি আনার জন্য এত দূরে যেতে না হয়। গরমের সময়ও যেন সবাই সহজে নিরাপদ পানি পায়, তা নিশ্চিত হোক।
প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: রাঙামাটি।