শিশুরা সবসময় নিজের নিরাপত্তার ঝুঁকি বুঝতে পারে না। তাই তাদের নিরাপদ রাখা বড়দের দায়িত্ব।
Published : 28 Sep 2026, 01:00 PM
আধুনিক যুগে বাস করেও আমাদের মধ্যে এখনও পুরোনো চিন্তাভাবনা রয়ে গেছে। চোখের সামনে এমন কিছু ঘটনা দেখেছি যা আমাকে অনেক ভাবিয়েছে।
আমার গ্রামের এক পরিচিত ছেলে ও মেয়ে। প্রাথমিক বিদ্যালয় থেকে তারা একসঙ্গে বড় হয়েছে। এখনো তাদের পড়াশোনা চলছে। এর মধ্যে তাদের মধ্যে প্রেমের একটি সম্পর্ক গড়ে উঠেছে বলে অনেকে বলাবলি করেন।
শুধু এই কারণে মেয়েটিকে এখনই অন্য কোথাও বিয়ে দেওয়ার পরিকল্পনা করছে তার পরিবার। বিষয়টি শুনে আমার মনে শুধু একটি প্রশ্নই আসে, সে কি এখনও শিশু নয়?
হ্যাঁ, সে শিশু। হয়ত সে এখনো অনেক কিছু বোঝে না। তার এখন প্রয়োজন এমন একজন অভিভাবক, যে তাকে বুঝবে, ভুল হলে পাশে দাঁড়াবে এবং নিরাপদ পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
শিশুরা সবসময় নিজের নিরাপত্তার ঝুঁকি বুঝতে পারে না। তাই তাদের নিরাপদ রাখা বড়দের দায়িত্ব। একটি শিশুর কোনো সিদ্ধান্তকে কেন্দ্র করে তার শৈশব, পড়াশোনা কিংবা ভবিষ্যৎ থামিয়ে দেওয়া কোনো সমাধান হতে পারে না।
এ ছাড়া, বাল্যবিয়ে শুধু একটি শিশুর বিয়ে নয়। এর সঙ্গে জড়িয়ে থাকে তার শিক্ষা, মানসিক বিকাশ, স্বপ্ন ও ভবিষ্যৎ। যে বয়সে একটি শিশু নিজের পরিচয় তৈরি করবে, সেই বয়সে যদি তার কাঁধে সংসারের দায়িত্ব তুলে দেওয়া হয়, তাহলে তার স্বাভাবিক বেড়ে ওঠার পথ বদলে যায়।
আমি ওই মেয়েটির কথা ভাবি, আবার তার মত আরও অনেক শিশুর কথাও ভাবি। আমাদের চারপাশে কত শিশু আছে, যারা হয়ত নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলার আগেই বড়দের সিদ্ধান্তের মুখোমুখি হচ্ছে।
আমি মনে করি, শিশুদের যে কোনো ভুল হতে পারে, আবেগ থাকতে পারে, নিজের মত করে কিছু চাওয়াও থাকতে পারে। কিন্তু তাকে নিরাপদ রাখা, বোঝানো এবং সঠিক পথ দেখানো বড়দের দায়িত্ব।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: কুড়িগ্রাম।