পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানো এবং অন্য শিশুদের সঙ্গে মেলামেশাও তাদের বেড়ে ওঠার জন্য গুরুত্বপূর্ণ।
Published : 12 Oct 2026, 04:00 PM
আমাদের দৈনন্দিন জীবনে স্মার্টফোনের ব্যবহার সাধারণ একটি বিষয়। বড়দের পাশাপাশি শিশুদেরও ফোন নিয়ে ব্যস্ত থাকতে দেখা যায়। কেউ কার্টুন দেখে, কেউ গেইম খেলে, আবার কেউ বিভিন্ন ভিডিও দেখে সময় কাটায়।
আমি বিশ্বাস করব, প্রযুক্তির মাধ্যমে অনেক কিছু শেখা যায়। কিন্তু দীর্ঘ সময় মোবাইলের পর্দায় ডুবে থাকলে পড়াশোনা, ঘুম ও খেলাধুলার মত গুরুত্বপূর্ণ কাজে ব্যাঘাত ঘটতে পারে।
শৈশব মানেই বন্ধুদের সঙ্গে খেলাধুলা, মাঠে দৌড়ঝাঁপ, গল্প করা আর নতুন কিছু আবিষ্কার করা। কিন্তু মোবাইলের প্রতি অতিরিক্ত আগ্রহের কারণে শিশুরা যদি এসব আনন্দ থেকে দূরে সরে যায়, তাহলে তা চিন্তার বিষয়।
পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানো এবং অন্য শিশুদের সঙ্গে মেলামেশাও তাদের বেড়ে ওঠার জন্য গুরুত্বপূর্ণ।
আমার মনে হয়, শিশুদের ফোন ব্যবহার নিয়ে অভিভাবকদের সচেতন হওয়া প্রয়োজন। শুধু বকাঝকা করে বা মোবাইল কেড়ে নিয়ে সমস্যার সমাধান করা যাবে না। বরং শিশুদের সঙ্গে কথা বলতে হবে।
তারা ফোনে কী দেখছে এবং কেন দেখতে পছন্দ করছে, তা বুঝতে হবে। পাশাপাশি বই পড়া, ছবি আঁকা, খেলাধুলা ও অন্যান্য সৃজনশীল কাজে উৎসাহ দিতে হবে।
আমি চাই, শিশুরা প্রযুক্তি ব্যবহার করে নতুন কিছু শিখুক, নিজেদের জ্ঞান বাড়াক। একই সঙ্গে তারা যেন মাঠে খেলাধুলা করে, বই পড়ে এবং বন্ধুদের সঙ্গে সময় কাটিয়ে আনন্দে শৈশব পার করে।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: নরসিংদী।