ভুয়া অ্যাকাউন্ট খুলে এই বিকৃত ছবি ছড়িয়ে দেওয়া হয় পরিচিত মানুষের কাছেও।
Published : 17 Nov 2025, 07:29 PM
অনলাইনে অনেক মানুষকে নানা ধরনের হয়রানির শিকার হতে দেখা যায়। কিছুদিন আগে আমার পরিচিত এক আপুর সঙ্গেও এমন একটি ঘটনা ঘটে। যা আমাকে গভীরভাবে নাড়া দেয়।
সেই আপু পড়াশোনায় বেশ মনোযোগী। পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কাজেও সময় দেন। সব মিলিয়ে সুন্দরভাবেই চলছিল তার জীবন।
কিন্তু একদিন তার ওপর নেমে আসে বড় মানসিক সংকট। কে বা কারা তার সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট থেকে ছবি সংগ্রহ করে। এরপর সেই ছবিগুলো এআই ব্যবহার করে বিকৃত রূপে তৈরি করে অনলাইনে ছড়িয়ে দেয়।
ভুয়া অ্যাকাউন্ট খুলে এই বিকৃত ছবি ছড়িয়ে দেওয়া হয় পরিচিত মানুষের কাছেও। এতে তার সামাজিক মর্যাদা ক্ষতিগ্রস্ত হয়।
বিষয়টি জানার পর আপু মানসিকভাবে ভেঙে পড়েন। চারপাশের মানুষের মন্তব্য তাকে আরও কষ্ট দেয়।
পরবর্তীতে কিছু কাছের মানুষ তার মনোবল ফেরাতে পরামর্শ দেন, সহায়তা করেন। এতে তিনি কিছুটা সামলে উঠলেও এখনো পুরোপুরি স্বাভাবিক হতে পারেননি।
এই ঘটনাটি আমাকে বুঝিয়েছে, সাইবার জগতে আমরা সবাই ঝুঁকির মধ্যে আছি।
তাই অনলাইনে সতর্ক থাকা, নিজের তথ্য ও ছবি সুরক্ষিত রাখা এবং যেকোনো ধরনের অনলাইন হয়রানির বিরুদ্ধে সবাইকে সচেতন হওয়া জরুরি।
পাশাপাশি অনলাইনে এভাবে আক্রান্ত হলে পরিবারকে জানানো এবং আইনের আশ্রয়ও নেওয়া উচিত বলে আমি মনে করি।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: সাতক্ষীরা।