পুরো প্রদর্শনী চারটি বড় অংশে ভাগ করা ছিল।
Published : 04 Jun 2025, 07:43 PM
কিছুদিন আগে রাজধানীতে অবকাঠামো নির্মাণ খাত নিয়ে একটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়। নির্মাণ, বিদ্যুৎ উৎপাদন, নবায়নযোগ্য জ্বালানি, পানি ব্যবস্থাপনা এবং নির্মাণ যন্ত্রপাতি নিয়ে এটি আয়োজন করা হয়।
জানতে পারি, নিরাপদ ও আধুনিক প্রযুক্তি সম্পর্কে সবাইকে সচেতন করা আর নতুন উদ্ভাবন সবার সামনে তুলে ধরার লক্ষ্যে এই আয়োজন করা হয়।
তিন দিন ধরে চলা এই প্রদর্শনীতে আমি গিয়েছিলাম ৩০ মে। প্রদর্শনীর স্থানে ঢুকে মনে হল আমি যেন প্রযুক্তির ভবিষ্যৎ দুনিয়ায় পা রেখেছি।
পুরো প্রদর্শনী চারটি বড় অংশে ভাগ করা ছিল। যার একটি ছিল ভবন নির্মাণ বিষয়ে। এই অংশে আমি পরিবেশবান্ধব নানা নির্মাণ উপকরণ দেখেছি। একটি ভবনকে নিরাপদ করতে কোন কোন বিষয়ে গুরুত্ব দিতে হবে সে বিষয়ে ধারণা পেয়েছি।
সৌরবিদ্যুৎ তৈরি ও নবায়ণযোগ্য শক্তির ব্যবহার সম্পর্কে জেনেছি প্রদর্শনীর নবায়নযোগ্য শক্তি অংশে।
পানি প্রযুক্তি অংশে বৃষ্টির পানি কীভাবে জমিয়ে রাখা যায় এবং কীভাবে সেটি বিশুদ্ধ করে ব্যবহার করা যায় সে বিষয়ে জানতে পারি। বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ আরও সহজ ও আধুনিক করার নানা উপায় সম্পর্কে জানার সুযোগ হয় বিদ্যুৎ ব্যবস্থাপনা অংশে।
এই প্রদর্শনীতে অংশ নিয়ে আমি যেসব উদ্ভাবন দেখেছি আগামীতে অবকাঠামোগত নির্মাণে এসব প্রযুক্তিই হয়ত ব্যবহার করা হবে। ফলে বলা যায় ভবিষ্যত পৃথিবীর সঙ্গেও সাক্ষাৎ ঘটেছে এই প্রদর্শনীতে।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: ঢাকা।