এই প্রশিক্ষণ গ্রহণের পর আমি বুঝতে পারি, একজন ভালো বক্তা মানে শুধু কথা বলার দক্ষতা নয়। পাশাপাশি পর্যবেক্ষণ ও সঠিক তথ্য যাচাই করে উপস্থাপন করার দক্ষতাও থাকা উচিত।
Published : 15 Nov 2025, 08:45 PM
নিজেকে সঠিকভাবে প্রকাশ করতে পারা গুরুত্বপূর্ণ একটি দক্ষতা। কয়েকদিন আগে একটি কর্মশালায় অংশ নিয়ে এটি আরও ভালোভাবে বুঝতে পেরেছি।
নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে দুই দিনব্যাপী শিক্ষা মেলা অনুষ্ঠিত হয় ১৯ অক্টোবর। মেলার প্রথম দিনে জেলার বিভিন্ন স্কুলের শতাধিক শিক্ষার্থী এবং শিক্ষকদের নিয়ে ‘নিজেকে উপস্থাপন’ শিরোনামে একটি কর্মশালা আয়োজন করা হয়।
একজন টেলিভিশন সংবাদ উপস্থাপক এই কর্মশালায় আমাদের প্রশিক্ষণ দেন। যেখানে শিখেছি কীভাবে আত্মবিশ্বাস নিয়ে কথা বলতে হয়, কীভাবে যুক্তি তুলে ধরে বিতর্ক করতে হয় এবং কীভাবে উপস্থিত বক্তৃতায় নিজের ভাবনা পরিষ্কারভাবে প্রকাশ করতে হয়।
এই প্রশিক্ষণ গ্রহণের পর আমি বুঝতে পারি, একজন ভালো বক্তা মানে শুধু কথা বলার দক্ষতা নয়। পাশাপাশি পর্যবেক্ষণ ও সঠিক তথ্য যাচাই করে উপস্থাপন করার দক্ষতাও থাকা উচিত।
এছাড়াও আমাদের শেখানো হয় নিজের জ্ঞান বাড়ানোর কিছু সহজ কৌশল। যেমন নিয়মিত পড়াশোনার অভ্যাস গড়ে তোলার উপায় এবং সঠিক তথ্য অনুসন্ধান করার ধাপগুলো।
কর্মশালায় বাংলা ভাষার কিছু শুদ্ধ উচ্চারণও অনুশীলন করানো হয়। যা আমার জন্য একেবারেই নতুন অভিজ্ঞতা ছিল।
এই কর্মশালাটি আমাকে শুধু শেখায়নি, অনুপ্রাণিতও করেছে। আগে মঞ্চে কথা বলতে ভয় লাগত, নিজেকে মন খুলে প্রকাশ করতে পারতাম না। কিন্তু এখন দিন দিন আমার আত্মবিশ্বাস বাড়ছে।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: নড়াইল।