মা-বাবা আমাকে দেখতে চান কম্পিউটার প্রকৌশলী হিসেবে। আমারও তাই ইচ্ছা।
Published : 24 Sep 2026, 12:01 PM
ছোটবেলায় অনেকেই ভবিষ্যতে কিছু না কিছু হওয়ার স্বপ্ন দেখে। কেউ হয়ত পুলিশ হতে চায় আবার কেউ চিকিৎসক কিংবা বিজ্ঞানী হতে চায়। আমারও একটি স্বপ্ন আছে।
মা-বাবা আমাকে দেখতে চান কম্পিউটার প্রকৌশলী হিসেবে। আমারও তাই ইচ্ছা। নবম শ্রেণিতে উঠে বিজ্ঞান বিভাগে পড়াশোনা শুরু করার মাধ্যমে আমার এই স্বপ্নের সূচনা হয়েছে।
মা-বাবা আমাকে বলেছেন, ভালোভাবে মনোযোগ দিয়ে পড়লেই আমার স্বপ্ন পূরণ করতে পারব।
তবে বছরের শুরুতে বেশ অমনোযোগী ছিলাম। তাই অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল ভালো হয়নি। এই ফলাফলের জন্য মা-বাবা আমাকে তেমন বকাঝকা করেননি। তবে তারা বুঝিয়েছেন, অবহেলা করলে কোনোদিনই সফল হতে পারব না।
এ নিয়ে অনেক ভেবেছি। এরপর নিজেই নিজেকে প্রতিশ্রুতি দিয়েছি, এখন থেকে আমাকে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে।
আমি ২০২৮ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেব। এতে ভালো ফলাফল করলে আমার স্বপ্ন পূরণের লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে যেতে পারব। এরপর ভালো একটি কলেজে ভর্তি হয়ে এইচএসসি পরীক্ষাতেও ভালো করার চেষ্টা থাকবে।
এরপর ভালো একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে চাই। পড়াশোনা ভালোভাবে শেষ করে দেশে কিংবা বিদেশে ভালো কোনো প্রতিষ্ঠানে প্রকৌশলী হিসেবে চাকরি করতে চাই। পাশাপাশি মা-বাবার সেবা করতে চাই।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: রাঙামাটি।