নতুন শিক্ষার্থীরা একে একে আসতে থাকলে আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।
Published : 18 Nov 2025, 09:28 PM
আমি কিছুদিন আগে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে ভর্তি হয়েছি। ১৫ নভেম্বর আমাদের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাতে কলেজে নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শিক্ষাজীবনের আরেকটি ধাপ শুরুর আনুষ্ঠানিকতা বলে আমার মধ্যে অনেক আগ্রহ ছিল। তাই নির্ধারিত দিনে প্রস্তুত হয়ে সকাল সকাল কলেজে রওনা দিই।
ক্যাম্পাসে পৌঁছে দেখি রঙিন ব্যানার আর বেলুনে সাজানো হয়েছে। নতুন শিক্ষার্থীরা একে একে আসতে থাকলে আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানের শুরুতেই আমাদের ফুল দিয়ে বরণ করা হয়। এরপর শিক্ষকরা আলোচনা করেন এবং আমাদের নানা দিকনির্দেশনা দেন। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাহবুবুর রহমান মোল্লা। তিনি তার বক্তব্যে পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, পরিশ্রম আর মানবিকতার গুরুত্ব তুলে ধরেন।
নবীন বরণের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির। তিনি আমাদের স্বাগত জানিয়ে শিক্ষার মান, অধ্যবসায় এবং দায়িত্ববোধ নিয়ে কথা বলেন।
অনুষ্ঠানের শেষে ছিল সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন। এতে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা নাচ, গান ও নাটক উপস্থাপন করে। এরপর মঞ্চে একটি ব্যান্ড দল গান পরিবেশন করে।
শিক্ষক, আয়োজক কমিটি আর বিভিন্ন ক্লাবের সহযোগিতায় নবীনবরণের দিনটি ছিল আনন্দমুখর। আমার জন্য এটি শুধু পরিচিতির অনুষ্ঠান নয়, বরং কলেজ জীবনের নতুন অধ্যায়ের এক স্মরণীয় সূচনা।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: ঢাকা।