এখানে সমাহিত আছেন ১৪ জন বীর মুক্তিযোদ্ধা, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা।
Published : 03 Apr 2026, 06:42 PM
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার একটি গ্রাম বাঁশতলা। শহীদ মুক্তিযোদ্ধাদের সমাধিস্থল আর স্মৃতিসৌধ দেখতে অনেকেই এখানে বেড়াতে আসেন। আমিও ঈদের ছুটিতে এবার সেখানে ঘুরে এসেছি।
এই গ্রামের সৌন্দর্যের কাছে মুগ্ধ হতে হয় স্মৃতিসৌধে পৌঁছানোর আগেই। পাহাড় থেকে নেমে আসা চেলাই খালের ওপর নির্মিত স্লুইসগেট যেন এখানকার সৌন্দর্যকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে।
শুধু তাই নয়, এখানে আছে জুমগাঁও। যা মূলত টিলার ওপরে অবস্থিত এক পাহাড়ি গ্রাম। এখানে প্রায় ৩৬টি ক্ষুদ্র জনগোষ্ঠী পরিবারের বসবাস।
ধীরে ধীরে এগিয়ে গেলে দেখা যায়, টিলার ওপর চোখ জুড়ানো স্মৃতিসৌধ। যে দৃশ্য দেখলে মনে হয় পাহাড়ের বুক চিরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ইতিহাস।
এখানে সমাহিত আছেন ১৪ জন বীর মুক্তিযোদ্ধা, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা।
জানা যায়, বাঁশতলা ছিল ৫ নম্বর সেক্টরের সাবসেক্টর। পাহাড় ঘেরা এই এলাকায় এবং এর আশপাশে মুক্তিযুদ্ধে যারা শহীদ হন তাদের সমাহিত করা হয় বাঁশতলার এই নির্জনে। সেই স্মৃতিকে অম্লান করে রাখার জন্য নির্মাণ করা হয় বাঁশতলা স্মৃতিসৌধ।
বাঁশতলা যেন প্রকৃতির অপরূপ সৌন্দর্য আর মুক্তিযুদ্ধের ইতিহাসের এক জীবন্ত সাক্ষী।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: সুনামগঞ্জ।