পর্যটন কেন্দ্রে ময়লা ফেলার কোনো ডাস্টবিন না থাকায় অনেক দর্শনার্থী যেখানে-সেখানে প্লাস্টিকের বোতল ও পলিথিন ফেলছিলেন।
Published : 04 Apr 2026, 11:43 AM
ওপারে ভারতের মেঘালয়। সেখানের পাহাড় থেকে নেমে আসছে শীতল পানির ঝরনা। সেই ঝরনা আবার বয়ে আনছে রাশি রাশি সাদা পাথর।
মেঘ, পাহাড়, জল আর পাথরে ভরা দৃষ্টিনন্দন এই স্থানের নাম ‘সাদা পাথর’। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে এর অবস্থান।
ঈদের পরদিন সকালে সপরিবারের আমরা সেখানে ঘুরতে যাই। শহরের আম্বরখানা থেকে দ্বিতল বাসে চড়ে শুরু হয় আমাদের যাত্রা।
বাসের জানালা দিয়ে দুপাশের চা বাগানের নয়নাভিরাম দৃশ্য দেখে মনটা জুড়িয়ে যাচ্ছিল। একটু সামনে যেতেই ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে দেখতে পাই। তবে বিমানের কোনো টেক-অফ বা ল্যান্ডিং দৃশ্য দেখতে পাইনি। এটি দেখতে পেলে বেশ ভালো লাগত।
বাস থেকে নেমে ছোট নৌকায় চড়ে আমরা যখন মূল গন্তব্যে পৌঁছাই তখন আকাশে ঝিলিমিলি রোদ। শীতল পানি আর সাদা পাথরের মাঝে শুরু হয় আমাদের ছোটাছুটি। অনেক আনন্দের পাশাপাশি আমরা বেশ কিছু ছবিও তুলি।
তবে এই আনন্দের মাঝেও কিছু দৃশ্য আমাকে ব্যথিত করেছে। পর্যটন কেন্দ্রে ময়লা ফেলার কোনো ডাস্টবিন না থাকায় অনেক দর্শনার্থী যেখানে-সেখানে প্লাস্টিকের বোতল ও পলিথিন ফেলছিলেন। এমনকি স্বচ্ছ পানিতেও প্লাস্টিক-পলিথিন ভেসে থাকতে দেখেছি।
প্রকৃতির এই অপরূপ স্থানকে রক্ষা করতে হলে আমাদের পর্যটকদের আরও সচেতন হতে হবে বলে আমি মনে করি পর্যটন স্থান শুধু নয় যেখানে সেখানে কখনো ময়লা ফেলা উচিত না।
এর পাশাপাশি পর্যটন এলাকা পরিচ্ছন্ন রাখতে প্রশাসনের আরও জোরালো পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে আমি মনে করি।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: সিলেট।